আইনি লড়াইয়ে সর্বস্বান্ত হওয়ার পথে কিম সু-হিউন
ছবি: সংগৃহীত
০২:০৫ পিএম | ০৪ মে, ২০২৬
প্রয়াত অভিনেত্রী কিম সে-রনের পরিবারের সাথে আইনি লড়াই ও বিশাল অঙ্কের ঋণের চাপে চরম সংকটে পড়েছেন দক্ষিণ কোরীয় সুপারস্টার কিম সু-হিউন। এক সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই অভিনেতা গত বছর থেকে বিতর্কের মুখে একপ্রকার লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন। সম্প্রতি সিউলের সেওংসু জেলায় তাকে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে, যেখানে তাকে আগের তুলনায় রুগ্ন দেখাচ্ছিল।
২০২৫ সালে কিম সে-রনের মৃত্যুর পর এই বিতর্কের শুরু হয়।
অভিযোগ ওঠে যে, কিম সু-হিউনের সাথে সে-রনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তা শুরু হয়েছিল সে-রন যখন নাবালিকা ছিলেন। প্রয়াত অভিনেত্রীর পরিবারের দাবি, সে-রন ঋণে জর্জরিত হয়ে সাহায্যের জন্য যোগাযোগ করলেও কিম সু-হিউন সাড়া দেননি। এই ঘটনায় অভিনেত্রীর পরিবার কিম সু-হিউনের বিরুদ্ধে শিশু কল্যাণ আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে।
চলমান এই আইনি লড়াইয়ের খরচ মেলাতে হিমশিম খাচ্ছেন এই তারকা।
বিনোদন প্রতিবেদক লি জিন-হো দাবি করেছেন, মামলা পরিচালনার বিশাল খরচে অভিনেতা এখন মারাত্মক আর্থিক সংকটে রয়েছেন। এ ছাড়া একটি প্রসাধনী সংস্থা তার বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ২.৮ বিলিয়ন ওন (প্রায় ১.৯ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে। তবে কিম সু-হিউনের প্রতিনিধিরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
বর্তমানে তিনি মানহানির অভিযোগে পাল্টা মামলাও করেছেন।
আদালত মানহানি মামলার ফলাফল দেখেই বিজ্ঞাপন সংক্রান্ত মামলার রায় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : গালফ নিউজ