© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬৭ বছর বয়সে বিয়ের কথা ভাবছেন মুকেশ খান্না!

শেয়ার করুন:
৬৭ বছর বয়সে বিয়ের কথা ভাবছেন মুকেশ খান্না!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ০৪ মে, ২০২৬
নব্বই দশকের শৈশব মানেই ছিল টেলিভিশনের পর্দায় 'শক্তিমান'-এর দাপট। সেই আইকনিক চরিত্রের অভিনেতা মুকেশ খান্না আজও অগণিত মানুষের কাছে এক আবেগের নাম। সম্প্রতি বড় পর্দায় 'শক্তিমান' নির্মাণ নিয়ে অভিনেতা রণবীর সিংকে নাকচ করে দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে এবার কোনো সিনেমা নয়, বরং নিজের ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন ৬৭ বছর বয়সী এই তারকা।

ষাটোর্ধ্ব বয়সে এসেও কেন এখনো অবিবাহিত? সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হন মুকেশ খান্না। সেখানে বিন্দুমাত্র দ্বিধা না রেখে নিজের জীবনের দর্শন ও সম্পর্কের মূল্যবোধ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।



মুকেশ খান্না জানান, তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে গভীর বিশ্বাস রাখেন। মানুষ মনে করে তিনি বিয়ে করেননি মানেই হয়তো এই ব্যবস্থার ওপর তার আস্থা নেই, কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। তার মতে, ‘বিয়ে হলো দুই আত্মার মিলন। আমি বিয়েতে অনেকের চেয়েও বেশি বিশ্বাস করি। কার জীবনে কখন স্ত্রীয়ের আবির্ভাব ঘটবে, তা আগে থেকে বলা যায় না। যার ভাগ্যে যা লেখা থাকে, তা-ই হয়। আমার ভাগ্যে থাকলে এতদিনে বিয়েটা হয়ে যেত।’

তিনি বলেন, ‘শাস্ত্র অনুযায়ী, স্ত্রী হলো পূর্বজন্মের প্রারব্ধ। পুরুষের জীবনের কর্মফল সংশোধন করতেই তার আগমন ঘটে। ভালোবাসা জীবনে একবারই আসে, বাকি সব মোহমায়া। একজনকে প্রেম নিবেদন করে অন্য কারো কাছে চলে যাওয়া মানে নিজের সাথে প্রতারণা করা।’

সম্পর্ক নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়ে এই প্রবীণ অভিনেতা জানান, একাধিক প্রেম করা প্রকৃত পুরুষত্বের পরিচয় নয়। পুরুষত্ব প্রমাণ করতে অনেকগুলো সম্পর্কে জড়ানোকে তিনি মোটেও সমর্থন করেন না।

এখনো কি বিয়ের সম্ভাবনা আছে? এমন প্রশ্নের উত্তরে মুকেশ জানান, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। তিনি বিশ্বাস করেন, তার জন্য নির্ধারিত নারী কোথাও না কোথাও অবশ্যই আছেন। ভাগ্য যখন সহায় হবে, তখনই শুভ পরিণয় সম্পন্ন হবে।

এসএ/টিএ

মন্তব্য করুন