ছাব্বিশের ভোটে বদলে গেল সব সমীকরণনায়িকা সায়ন্তিকার হার, বড় জয় রুদ্রনীলের!
ছবি: সংগৃহীত
০১:৫০ এএম | ০৫ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দুই তারকা-রাজনীতিককে ঘিরে সম্পূর্ণ বিপরীত ছবি ফুটে উঠল। একদিকে পরাজয়ের মুখ দেখলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে উল্লেখযোগ্য ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন রুদ্রনীল ঘোষ।
দেড় বছর আগে উপনির্বাচনে জয় পেয়ে রাজনৈতিক জীবনের প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলেন নায়িকা সায়ন্তিকা, সেই একই কেন্দ্রে এবারই বিপুল ব্যবধানে পরাজিত হলেন তিনি। বিজেপি প্রার্থী সজল ঘোষ-এর কাছে প্রায় ১৬,৯৫৬ ভোটে হার মানতে হয়েছে তাঁকে।
অভিনয় জগতের মাঝারি মানের ক্যারিয়ার ছেড়ে পাঁচ বছর আগে রাজনীতিতে যোগ দেন সায়ন্তিকা। ২০২১ সালের নির্বাচনে বাঁকুড়া থেকে লড়েও হেরে যান। তবে রাজনীতি ছাড়েননি; বরং দলের সংগঠনে সক্রিয় হয়ে ওঠেন এবং রাজ্য সম্পাদক পদও পান।
২০২৪- এর উপনির্বাচনে বরাহনগরে জয় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন দিশা দিয়েছিল। কিন্তু এবার সেই সাফল্য ধরে রাখতে পারলেন না।

প্রচারে তিনি স্বীকার করেছিলেন, স্বল্প সময়ে সব কাজ করা সম্ভব হয়নি এবং আগামী পাঁচ বছরে তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাংসদ দেব-ও তাঁর হয়ে প্রচারে নেমেছিলেন। তবু শেষরক্ষা হয়নি।
অন্যদিকে, শিবপুর কেন্দ্রে একেবারে উল্টো ছবি। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া রুদ্রনীল ঘোষ নিজের ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নিলেন। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়-কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে শিবপুরে পদ্ম ফোটালেন তিনি।
ভোটগণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন রুদ্রনীল। প্রথম কয়েক রাউন্ড থেকেই লিড নিতে শুরু করে শেষ পর্যন্ত তা ক্রমাগত বাড়িয়ে দেন। ১৭ রাউন্ডের শেষে তাঁর লিড দাঁড়ায় প্রায় ১৫ হাজার ভোটে, যা শেষ পর্যন্ত নিশ্চিত জয়ে পরিণত হয়।
রুদ্রনীলের রাজনৈতিক যাত্রাও কম নাটকীয় নয়। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তৃণমূল ঘনিষ্ঠ হন। এরপর ২০২১-এর আগে অমিত শাহ-এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। সেই নির্বাচনে হারলেও এবারের ভোটে নিজের এলাকায় শক্ত অবস্থান তৈরি করে জয়ের মুখ দেখলেন।
এসকে/এসএন