ডিজিটাল আসক্তি কমানোর সহজ কিছু কৌশল
ছবি: সংগৃহীত
০৭:২৯ এএম | ০৫ মে, ২০২৬
সকালে চোখ খুলেই স্মার্টফোনের নোটিফিকেশন চেক করা কিংবা ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত স্ক্রিনে বুঁদ হয়ে থাকা—আমাদের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অতিরিক্ত এই প্রযুক্তিনির্ভরতা ডেকে আনছে ‘ডিজিটাল ক্লান্তি’। চোখ ব্যথা, মাথা ধরা কিংবা অকারণ মানসিক অস্থিরতা এখন ঘরে ঘরে। প্রযুক্তি বাদ দেওয়া সম্ভব নয়, তবে বিশেষজ্ঞরা বলছেন, সচেতন ব্যবহারের মাধ্যমেই এই ক্লান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দিনের শুরুটা হোক অন্তত ৩০ মিনিট ফোন ছাড়া। ঘুম থেকে উঠেই সামাজিক যোগাযোগ মাধ্যমে না ঢুকে জানালার পাশে বসুন, হালকা ব্যায়াম করুন বা প্রিয় কোনো পানীয় দিয়ে সকাল শুরু করুন। এটি সারা দিনের জন্য আপনার মনকে শান্ত ও স্থির রাখতে সাহায্য করবে।
স্ক্রিন থেকে বিরতি নিন
কাজের প্রয়োজনে দীর্ঘ সময় ল্যাপটপ বা মোবাইলে তাকিয়ে থাকতে হলে ‘২০-২০-২০’ নিয়ম মেনে চলুন। প্রতি ২০ মিনিট অন্তর অন্তত ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এ ছাড়া প্রতি ঘণ্টায় একবার ৫ মিনিটের জন্য ডেস্ক থেকে উঠে একটু হাঁটাহাঁটি করুন।
অপ্রয়োজনীয় সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন। সারাক্ষণ ফোনের টুং-টাং শব্দ মনোযোগ নষ্ট করার পাশাপাশি অবচেতন মনে চাপ সৃষ্টি করে।
দিনের একটি নির্দিষ্ট সময়ে মেসেজ বা মেইল চেক করার অভ্যাস করুন।
বেডরুম হোক ‘ডিভাইস মুক্ত’ জোন
বিছানা কিংবা ডাইনিং টেবিলকে ‘নো-ডিভাইস জোন’ হিসেবে ঘোষণা করুন। বিশেষ করে ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকুন। স্ক্রিনের নীল আলো ঘুমের হরমোন নষ্ট করে। এই সময়টাতে ফোনের বদলে কোনো বই পড়তে পারেন।
বাস্তব জীবনের সংযোগ
ভার্চুয়াল লাইকের চেয়ে রক্ত-মাংসের মানুষের সঙ্গে সরাসরি সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকর। পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, প্রযুক্তি ছাড়াই একান্ত সময় কাটান।
এবি/টিএ