শেষ পর্যন্ত কি রক্ষা পেলেন ভাইরাল ‘খেলা হবে’ গানের স্রষ্টা দেবাংশু?
ছবি: সংগৃহীত
১০:০৫ এএম | ০৫ মে, ২০২৬
বাংলাদেশ থেকে শুরু হয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচিত স্লোগান ‘খেলা হবে’ আবারও নতুন করে আলোচনায় এসেছে। এক সময় যেই স্লোগানকে কেন্দ্র করে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছিল, কয়েক বছর পর সেই একই স্লোগান এখন উল্টো প্রেক্ষাপটে ব্যবহৃত হচ্ছে। নির্বাচনী ফলাফলের পরিবর্তিত বাস্তবতায় রাজনৈতিক আক্রমণ-প্রতিআক্রমণের ভাষাও বদলে গেছে।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে ‘খেলা হবে’ স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রচারণায় এটি একটি পরিচিত এবং প্রভাবশালী উচ্চারণে পরিণত হয়। ওই সময় দলটির সমর্থনে তৈরি হয় একটি গানও, যা নির্বাচনী প্রচারে বেশ জনপ্রিয়তা পায়। গানটির রচয়িতা ছিলেন দেবাংশু ভট্টাচার্য। তরুণ এই লেখক-রাজনৈতিক কর্মী গানটি লেখার পর তৃণমূলের প্রচার কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন এবং পরবর্তীতে দলের আইটি সেলেও দায়িত্ব পান।
‘খেলা হবে’ স্লোগানের শিকড় অবশ্য আরও আগে বাংলাদেশে পাওয়া যায়। রাজনৈতিক সমাবেশে প্রতিপক্ষকে উদ্দেশ করে এই ধরনের উচ্চারণ প্রথমদিকে ব্যবহৃত হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বক্তৃতার মাধ্যমে পরিচিতি পায়। পরবর্তী সময়ে এটি সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাষায়ও জায়গা করে নেয়।

২০২১ সালের নির্বাচনে এই স্লোগান তৃণমূলের প্রচারে বড় ভূমিকা রাখে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন। ওই সময় গান ও স্লোগান মিলিয়ে নির্বাচনী আবহে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছিল, যা দলীয় প্রচারে নতুন মাত্রা যোগ করে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। সর্বশেষ নির্বাচনী ফলাফলের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও পাল্টা স্লোগান হিসেবে ‘খেলা শেষ’ কথাটি সামনে আসছে, যা মূলত তৃণমূলের বিরুদ্ধে বিরোধী শিবিরের রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজনৈতিক ভাষ্যের এই পরিবর্তনকে অনেকেই ক্ষমতার পালাবদলের প্রতিফলন হিসেবে দেখছেন।
এবারের নির্বাচনে তৃণমূলের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি তমলুক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেননি। এরপর এবারের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া আসন থেকে প্রার্থী হন তিনি। তবে ভোটের ফলাফলে তিনি পিছিয়ে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে।
সব মিলিয়ে যে স্লোগান এক সময় রাজনৈতিক প্রচারের কেন্দ্রবিন্দুতে ছিল, সময়ের পরিবর্তনে সেটিই এখন রাজনৈতিক ব্যঙ্গ-প্রতিবাদের ভাষায় পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘খেলা হবে’ থেকে ‘খেলা শেষ’- এই পালাবদল এখন নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
এসএ/এসএন