© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন খলনায়ক সন্তোষ

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন খলনায়ক সন্তোষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৫ পিএম | ০৫ মে, ২০২৬
মর্মান্তিকভাবে মারা গেলেন মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সন্তোষ কে নাইর। মঙ্গলবার (৫ মে) ভোরে কেরালার পাথানামথিট্টায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। এ সময় সঙ্গে তার স্ত্রী ছিলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় সন্তোষের গাড়ি। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

১৯৮২ সালে ‘ইথু জাঙ্গালুদে কথা’ দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন সন্তোষ। দীর্ঘদিনের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পর্দায় খলনায়ক এবং হাস্যরসাত্মক চরিত্রের জন্য পরিচিত ছিলেন।

১৯৬০ সালের ১২ নভেম্বর তিরুবনন্তপুরমে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম সন্তোষের। তার পুরো নাম সন্তোষ কেশবন নাইর। তার বাবা সিএন কেশবন নাইর একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা পি. রাজলক্ষ্মীম্মাও একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।



সন্তোষ কলেজজীবনে রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। তার বোনেরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হলেও পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন সন্তোষ। ব্যক্তিজীবনে সুপারস্টার মোহনলালের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার। দু’জনই এমজি কলেজে সমসাময়িক ছিলেন। এখানে অভিনেতা গণিতে বিএসসি এবং মোহনলাল বাণিজ্য বিভাগে পড়ালেখা করতেন।

‘মোহানিয়াত্তম’-এ শেষ অভিনয় করেছেন সন্তোষ। সিনেমাটি এখন প্রেক্ষাগৃহে চলছে। গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। যা ‘ভরতনাট্যম’ (২০২৪)-এর সিক্যুয়েল। আগামী ৮ মে থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে এর।

কৃষ্ণদাস মুরলী পরিচালিত এ গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শশীধরন নাইরের পরিবার, যারা এক উত্তেজনাকর পরিস্থিতিতে আটকা পড়ে। এতে আরও অভিনয় করেছেন সুরাজ ভেঞ্জারামোদু, বিনয় ফোর্ট এবং জগদীশ।

এসএন 

মন্তব্য করুন