‘বিজয়ের জয় তোমার জন্মদিনের সেরা উপহার’
ছবি: সংগৃহীত
০৪:৩৫ পিএম | ০৫ মে, ২০২৬
দক্ষিণী তারকা বিজয়, যিনি ‘থালাপতি’ নামেও পরিচিত, অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও দাপট দেখাচ্ছেন। মাত্র ৫১ বছর বয়সেই তিনি নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) গড়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক সৃষ্টি করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তার দল একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে।
২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে এগিয়ে রয়েছে টিভিকে।
ইতিমধ্যেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়েছে। ফলে খুব দ্রুতই তামিল রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে পারেন বিজয়-এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
এই জয়ের আবহেই আবারও আলোচনায় এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন।
৪ মে, ফল ঘোষণার দিনই ছিল তৃষার জন্মদিন।
সকালে তিনি তিরুপতির তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে পূজা দেন। অনুরাগীদের ধারণা, বিজয়ের সাফল্য কামনাতেই তিনি সেখানে গিয়েছিলেন।
পরে যখন বিজয়ের জয় প্রায় নিশ্চিত, তখন অভিনেতার বাড়ির সামনে ভক্তদের উল্লাসের মাঝেই তৃষার উপস্থিতি আরও জল্পনা বাড়ায়। এই পরিস্থিতিতে অভিনেত্রী লক্ষ্মী মঞ্চুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এক্স হ্যান্ডেলের শুভেচ্ছাবার্তায় তিনি জানান, বিজয়ের সাফল্যই তৃষার জন্মদিনের সবচেয়ে মূল্যবান উপহার। এমন পোস্ট তাদের প্রেমের গুঞ্জনে ঘৃতাহুতি তা বলার অপেক্ষাই রাখে না।
তিনি তৃষাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন চিরসুন্দরী ও গর্জিয়াস তৃষা। সেলিব্রেট করার জন্য কী দারুণ একটা দিন! আমার তো মনে হচ্ছে বিজয়ের জয়ের মাধ্যমে এই মহাবিশ্ব তোমাকে সেরা জন্মদিনের উপহার দিয়েছে! আজ তো তোমার ডাবল সেলিব্রেশনের দিন। সত্যিই দারুণ!’
এই মন্তব্য ঘিরে আবারও জোরালো হয়েছে বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন।
যদিও ব্যক্তিগত জীবন নিয়ে এখনো নীরব রয়েছেন দু’জনই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে ‘জননায়ক’ হিসেবে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ছেন বিজয়-আর সেই দিনটিই মিলে গেছে তৃষার জন্মদিনের সঙ্গে।
কেএন/টিকে