সরকার গঠন করতে কংগ্রেসের সঙ্গে থালাপতির জরুরি বৈঠক আজ
ছবি: সংগৃহীত
০২:১৮ এএম | ০৬ মে, ২০২৬
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি অভিনেতা থেকে রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। এই পরিস্থিতিতে সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন বিজয়।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল মঙ্গলবার (৫ মে) জানিয়েছেন, বিজয় এরই মধ্যে কংগ্রেসের সমর্থন চেয়ে চিঠি পাঠিয়েছেন। বিষয়টি আলোচনার জন্য তামিলনাড়ু কংগ্রেস বুধবার (৬ মে) চেন্নাইয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে।
সেখানেই বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বেনুগোপাল স্পষ্ট করে দিয়েছেন, তামিলনাড়ুর মানুষ একটি ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে রায় দিয়েছেন এবং কোনোভাবেই রাজ্যে বিজেপির আধিপত্য বাড়তে দিতে চায় না কংগ্রেস। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্য শাখাকে এই বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার সবুজ সংকেত দিয়ে রেখেছে।
নির্বাচনী ফলের পরিসংখ্যান অনুযায়ী, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে হলে বিজয়কে কংগ্রেসের অন্তত ১০ জন বিধায়ক বা অন্য সহযোগী দলগুলোর ওপর নির্ভর করতে হবে।
তামিলনাড়ু কংগ্রেসের ইন-চার্জ গিরিশ চোডঙ্কর জানিয়েছেন, রাজ্যে বিজয়ের পক্ষে ব্যাপক জনসমর্থন দেখা গেছে, বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে। এই গণরায়কে সম্মান জানিয়ে সরকার গঠনের প্রক্রিয়ায় কংগ্রেস ইতিবাচক ভূমিকা নিতে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্র : এনডিটিভি