সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আর বি চৌধুরীর, শোকাহত রজনীকান্ত
ছবি: সংগৃহীত
০৯:৫০ এএম | ০৬ মে, ২০২৬
ভারতীয় চলচ্চিত্র প্রযোজক আর বি চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে উদয়পুরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর প্রায় ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এবং এতে অন্য কেউ আহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত করা যায়নি। তথ্য টাইমস অব ইন্ডিয়ার।
১৯৮৮ সাল থেকে তামিল চলচ্চিত্রে প্রভাবশালী নাম হিসেবে পরিচিত চৌধুরী ‘সুপার গুড ফিল্মস’ প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন। তার মরদেহ চেন্নাইয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী মাহজাবিন ও সন্তানদের রেখে গেছেন, যাদের মধ্যে রয়েছেন অভিনেতা জিভা এবং জিথান রমেশ। জিভা পারিবারিক প্রযোজনা সংস্থার অধীনে নির্মিত একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য থিথিকুঢে (২০০৩), ই (২০০৬) এবং কাছেরি আরামবাম (২০১০)।

দুর্ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রযোজক অর্চনা কালপাথি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাকে ‘একজন শক্তিশালী প্রযোজক এবং ‘অসাধারণ মানুষ’ হিসেবে স্মরণ করেছেন। এছাড়া সুপারস্টার রজনীকান্ত লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু আর বি চৌধুরী একজন শীর্ষস্থানীয় প্রযোজক এবং অসাধারণ মানুষ ছিলেন। তিনি অসংখ্য তরুণ নির্মাতাকে সুযোগ দিয়েছেন।’
দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে আর বি চৌধুরী তামিল চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার হাত ধরেই অভিনয় ও নির্মাণ জগতে এসেছেন লিভিংস্টন, রাসু মাধুরাভান, এস. এঝিল, পেরারাসু এবং রাজাকুমারনের মতো শিল্পীরা।
এসএ/এসএন