© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দম’ পেরিয়ে আবারও বড় পর্দায় পূজা

শেয়ার করুন:
‘দম’ পেরিয়ে আবারও বড় পর্দায় পূজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ০৬ মে, ২০২৬
ঈদ মানেই সিনেপ্রেমীদের উচ্ছ্বাস, নতুন সিনেমার ভিড় আর দর্শকদের নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার উদ্দীপনা। সেই ঈদের আবহেই আবারও আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ পূজা চেরি। তরুণ প্রজন্মের এ অভিনেত্রী গত কয়েক বছরে একের পর এক সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে দর্শকের নজর কাড়ার চেষ্টা করছেন। মাঝে কিছুটা ছন্দপতন ঘটলেও, গত ঈদুল ফিতরে আবারও ছন্দে ফিরেছেন তিনি। মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘দম’। এটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। অ্যাকশন ও আবেগের মিশেলে নির্মিত এ সিনেমাটি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করলেও পূজার উপস্থিতি, তার পর্দা-ব্যক্তিত্ব এবং চরিত্রের প্রতি নিবেদন প্রশংসা কুড়ায়। সিনেমাটির প্রচারণা থেকে শুরু করে মুক্তির পরবর্তী সময়, সবখানেই তাকে ঘিরে ছিল আলোচনার ঝড়। এতে তিনি জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

অন্যদিকে এ সিনেমা নিয়ে যখন মিডিয়াপাড়ায় আলোচনা চলছে, তখন ব্যক্তিগত জীবনের কিছু জটিলতা তাকে মানসিকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। বিশেষ করে পরিবারের একটি ইস্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি তার পেশাগত জীবনেও কিছুটা প্রভাব ফেলেছিল। যদিও এসব পরিস্থিতির মাঝেও তিনি নিজেকে সামলে নিয়ে কাজের প্রতি মনোযোগ ধরে রাখেন, যা তাকে একজন পরিশ্রমী শিল্পী হিসেবে আলাদা পরিচিতি দেয়।



বিতর্ক পেরিয়ে এরই মধ্যে আবার সিনেমা দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন এ অভিনেত্রী। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’। নামেই যেন রয়েছে এক ধরনের নান্দনিকতা ও কাব্যিক আবহ। সিনেমাটি নিয়ে এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, এতে পূজা চেরিকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে, যেখানে তার অভিনয়ের নতুন দিক উন্মোচিত হবে।

আলোক হাসান পরিচালিত এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সমাজের রক্ষক বা মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের গল্প উঠে এসেছে সিনেমাটিতে। যদিও এটি আদর-পূজা জুটির প্রথম কাজ, তবে মুক্তির দিক থেকে প্রথম এ জুটির ‘লিপস্টিক’ সিনেমাটি।

২০২২ সালে শ্রীমঙ্গলে শুরু হয় ‘নাকফুলের কাব্য’ সিনেমাটির শুটিং। যেখানে টানা ২০ দিন চিত্রধারণ চলে। পরবর্তী সময়ে ঢাকায় বাকি কাজ সম্পন্ন করা হয়। এতে আরও অভিনয় করেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত ও শিখা মৌ। প্রেম, সামাজিক বাধা ও মানবিক টানাপোড়েনের গল্পে নির্মিত ‘নাকফুলের কাব্য’ ঈদে দর্শকদের জন্য একটি আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠবে, এমনটাই আশা নির্মাতাদের।

নির্মাতা ও সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নাকফুলের কাব্য’ পূজা চেরির ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। কারণ এ সিনেমার মাধ্যমে তিনি শুধু গ্ল্যামার নয়, অভিনয়ের গভীরতাও তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

বলা যায়, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ, আগের সিনেমার আলোচনার পরও পূজা চেরি এখনো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন। আবারও ঈদের বড় পর্দায় তার আগমন কতটা সাড়া ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

এসএ/এসএন

মন্তব্য করুন