বিচ্ছেদের পাঁচ বছর পর মুখোমুখি নাগা–সামান্থা!
ছবি: সংগৃহীত
০১:৫৩ পিএম | ০৬ মে, ২০২৬

দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু ও নাগ চৈতন্য প্রায় পাঁচ বছর আগে দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর দু’জনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন এবং নতুন করে সংসারও শুরু করেছেন। তবে আলাদা হওয়ার পর থেকে কখনও কোনও অনুষ্ঠান বা জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা যায়নি।
সম্প্রতি হায়দরাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে আবারও একই জায়গায় উপস্থিত ছিলেন এই দুই তারকা। প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরানের বিয়েতে সস্ত্রীক হাজির হন নাগ চৈতন্য।
অন্যদিকে, স্বামীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সামান্থা রুথ প্রভু। একই অনুষ্ঠানে তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।
অনেকের প্রশ্ন ছিল, তারা কি একে অপরের মুখোমুখি হয়েছেন? তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এমনটা হয়নি। বরং পুরো অনুষ্ঠানজুড়েই তারা একে অপরকে এড়িয়ে চলেছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার বিয়ে করেন সামান্থা রুথ প্রভু। কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
এর আগে ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে নাগ চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। সেই বিয়ের প্রতিটি আয়োজনেই ছিল বিশেষ পরিকল্পনা ও আলাদা পোশাকের ছোঁয়া। তবে দ্বিতীয় বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনদের নিয়েই সীমিত পরিসরে অনুষ্ঠান সারেন তিনি।
অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন নাগ চৈতন্য। এরপর থেকেই সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। বর্তমানে দু’জনই নিজেদের জীবন নিয়ে আলাদাভাবে ভালো আছেন।
এসএ/এসএন