© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডে গায়ের রং নিয়েই লড়াই, বিস্ফোরক দাবি দিব্যেন্দুর

শেয়ার করুন:
বলিউডে গায়ের রং নিয়েই লড়াই, বিস্ফোরক দাবি দিব্যেন্দুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ০৭ মে, ২০২৬

গায়ের রঙ নিয়ে কটাক্ষ বা বৈষম্যের অভিযোগ নতুন নয়। তবে আধুনিক, প্রগতিশীল বলিউডেও যে এখনও ফর্সা আর কালোর হিসাব চলে, সেই অভিযোগই এবার সামনে আনলেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। আর সেই অভিজ্ঞতা শুনে অনেকেই বিস্মিত।


সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যেন্দু দাবি করেন, শুধু গায়ের রঙ কালো হওয়ার কারণে একটি বিজ্ঞাপন থেকে তাকে বাদ দেয়া হয়েছিল। অভিনেতা জানান, তাকে সরাসরি বলা হয়েছিল কালো অভিনেতা চাই না। বলিউড বাবলকে দেয়া সাক্ষাৎকারে দিব্যেন্দু বলেন, এই সমস্যা খুব গভীরে গেঁথে আছে। কয়েকদিন আগেই একটি বিজ্ঞাপনের জন্য আমাকে কাস্ট করা হয়েছিল। চার-পাঁচ দিন ধরে আলোচনা চলল। শুটিং হওয়ার মাত্র তিন দিন আগে আমি জানতে চাইলাম সব ঠিক আছে কি না। তখন তারা বলল, ‘না দাদা, আপনাকে বাদ দেয়া হয়েছে কারণ আপনি কালো, আর কালো অভিনেতা চাই না।’



অভিনেতা জানান, এই কথাগুলো তাকে এভাবেই বলা হয়েছিল। যদিও ব্যক্তিগতভাবে তিনি এতে ভেঙে পড়েননি। কারণ নিজের পরিচয় ও চেহারা নিয়ে তিনি স্বস্তিতে আছেন। তবে তার মতে, এই ঘটনা শুধু একজন অভিনেতার অভিজ্ঞতা নয়, বরং সমাজের গভীর মানসিকতার প্রতিফলন।

দিব্যেন্দু বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। ছোটবেলা থেকেই যদি শিক্ষা ব্যবস্থায় সামাজিক মূল্যবোধ, নৈতিকতা শেখানো না হয়, তাহলে এই সমস্যা বদলানো কঠিন। জাপান ও কোরিয়ার মতো দেশে ছোটবেলা থেকেই শিশুদের শৃঙ্খলা ও সহমর্মিতা শেখানো হয়। কিন্তু ভারতে এই বিষয়গুলো অনেকটাই পরিবারের ওপর নির্ভর করে। ফলে সমাজের মধ্যে বৈষম্যমূলক ধারণাগুলো সহজে বদলায় না।

দিব্যেন্দুর এই মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে বলিউডের ‘ফেয়ারনেস অবসেশন’ নিয়ে আলোচনা শুরু করেছে। অনেকেই বলছেন, অভিনয় দক্ষতার চেয়ে এখনো অনেক ক্ষেত্রে চেহারা ও গায়ের রঙ বেশি গুরুত্ব পায়।

কাজের দিক থেকে দিব্যেন্দুকে সবশেষ দেখা গেছে ‘আনদেখি’ সিরিজের চতুর্থ সিজনে। গত ১ মে সোনিলিভে মুক্তি পাওয়া এই সিরিজে আরও অভিনয় করেছেন হর্ষ ছায়া, সূর্য শর্মা, অঙ্কুর রাঠি ও গৌতম রোড়ে। এর আগে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায় টু’-এও অভিনয় করেছিলেন তিনি, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএ/এসএন

মন্তব্য করুন