টিভিকে-তে যোগ দিচ্ছেন থালাপতি বিজয়ের প্রেমিকা!
ছবি: সংগৃহীত
০৪:৩১ পিএম | ০৭ মে, ২০২৬
তামিলনাড়ু নির্বাচনের ফল ঘোষণার দিন থালাপতি বিজয়ের সাফল্য কামনায় ভগবানের চরণে মাথা ঠুকেছিলেন! বেলা গড়াতেই দেখা মিলেছিল বিজয়ের বাড়ির সামনে। এবার সোজা রাজনীতির ময়দানে চর্চিত প্রেমিকা দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণণ? বিজয়ের তামিলাগা ভেত্রি কাজাগম বা টিভিকে ১০৮টি আসনে জয়লাভের পরই জোর গুঞ্জন দ্রাবিড়ভূমে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, বিজয় নাকি তাঁর ‘প্রিয়তমা’-কে শুধু মনেই নয়, রাজনীতির আঙিনাতেও সঙ্গী হিসেবে চান। প্রেমের গুঞ্জন উসকে এবার রাজনীতিক হিসাবে জীবনের নতুন ইনিংস শুরু করছেন দক্ষিণী অভিনেত্রী?
তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্র থেকে উপনির্বাচনের প্রার্থী হিসেবে তৃষার নাম নিয়ে চলছে কাটাছেড়া! যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। বিজয় বা তৃষাও এই প্রসঙ্গে আপাতত মুখে কুলুপ এটেই রয়েছেন। বিনোদনের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিজয়ের দল টিভিকে-এর নেতারা অভিনেত্রী তৃষা কৃষ্ণণকে দলে যোগ দেওয়ার আহ্বান জানাতে আগ্রহী। তাঁকে সম্ভবত তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় বিজয়ের ‘জন নায়াগণ’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘জন নায়ক’।

থালাপতি বিজয় তাঁর দুটি কেন্দ্র পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দু’টিতেই জয়ী হয়েছেন। এর মাঝে ‘বান্ধবী’ তৃষার রাজনীতিতে অভিষেকের গুঞ্জন জুটির ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়াচ্ছে তা বললে অত্যুক্তি হবে না। প্রসঙ্গত, সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝে তৃষার বেশ কিছু সোশাল মিডিয়া পোস্ট প্রেমচর্চায় ঘৃতাহুতি দিয়েছে তা বলার অপেক্ষাই রাখছে না। অভিনেত্রী তৃষা কৃষ্ণণের পোস্টে নেটাগরিকরা বিজয়ের সঙ্গে প্রেমের আভাস পাচ্ছে বলেই দাবি।
দক্ষিণী অভিনেত্রী লক্ষ্মী মঞ্চুর পোস্টেও উসকে গিয়েছে তৃষা কৃষ্ণণ-বিজয়ের সম্পর্কের গুঞ্জন। ৪ মে সোমবার ছিল তৃষার জন্মদিন। সেদিন সকালেই প্রেমের জল্পনায় সিলমোহর দিয়েছেন লক্ষ্মী! শুভেচ্ছাবার্তায় লিখেছিলেন, ‘শুভ জন্মদিন চিরসুন্দরী ও গর্জিয়াস তৃষা। সেলিব্রেট করার জন্য কী দারুণ একটা দিন! আমার তো মনে হচ্ছে বিজয়ের সাফল্যের মাধ্যমে এই মহাবিশ্ব তোমাকে সেরা জন্মদিনের উপহার দিয়েছে! আজ তো তোমার ডবল সেলিব্রেশনের দিন। সত্যিই দারুণ!’
আরআই/টিকে