নিজেকেই ‘অনুপযুক্ত’ মনে করছেন সাই পল্লবী, সমালোচনার মুখে স্বীকারোক্তি
ছবি: সংগৃহীত
০৬:২৭ পিএম | ০৭ মে, ২০২৬
আমির খান প্রযোজিত ‘এক দিন’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হলেও সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দক্ষিণ ভারতীয় তারকা সাই পল্লবীর। সম্প্রতি মুম্বাইয়ে ছবির একটি সংগীতানুষ্ঠানে হিন্দি বলতে গিয়ে বেশ বেগ পেতে হয় তাকে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা ও ট্রোল।
এমনকি নীতীশ তিওয়ারির আসন্ন ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রের জন্য তিনি উপযুক্ত কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। এই ব্যাপক সমালোচনার মুখে এক সাক্ষাৎকারে সাই পল্লবী স্বীকার করেছেন যে, তার মনে হচ্ছে তিনি এই সিনেমার জন্য ভুল পছন্দ বা ‘মিসকাস্ট’ ছিলেন।
আমির খান টকিজ-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে সহ-অভিনেতা জুনায়েদ খানের সঙ্গে আলাপকালে পল্লবী জানান, ছবির প্রিমিয়ারের সময় আমির খানের সঙ্গেও তার এই বিষয়ে কথা হয়েছে। তিনি মনে করেন, এই চরিত্রের জন্য হয়তো এমন কাউকে প্রয়োজন ছিল যার মধ্যে কিছুটা আভিজাত্য বা জৌলুস বেশি। পল্লবীর ভাষ্যমতে, আমার মনে হয় না আমি এই চরিত্রের জন্য উপযুক্ত ছিলাম। হয়তো নতুন কাউকে নিলে আরও ভালো হতো। যদিও সহ-অভিনেতা জুনায়েদ খান তার এই সংশয় উড়িয়ে দিয়ে বলেন যে, এই চরিত্রের জন্য পল্লবীই ছিলেন সঠিক পছন্দ।

কেন এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন সাই পল্লবী। তিনি জানান, বড় বাজেটের ছবির চেয়ে গল্পের ধরনই তাকে বেশি টানে। সেই সময় তিনি বেশ কিছু সিরিয়াস বা ‘হেভি’ গল্পের ছবিতে কাজ করেছিলেন, তাই ব্যক্তিগতভাবে এমন কিছু খুঁজছিলেন যা মানসিকভাবে হালকা হবে। তিনি ভেবেছিলেন হলিউড ক্লাসিক ‘বিফোর সানরাইজ’-এর মতো একটি মিষ্টি প্রেমের আমেজ থাকবে এই ছবিতে। মূলত কোনো বড় মানসিক চাপ বা ট্রমা ছাড়াই শুটিং করার ইচ্ছে থেকেই তিনি সুনীল পাণ্ডে পরিচালিত এই রোমান্টিক ড্রামায় চুক্তিবদ্ধ হয়েছিলেন।
থাই সিনেমা ‘ওয়ান ডে’-এর রিমেক হিসেবে নির্মিত ‘এক দিন’ ছবিতে জুনায়েদ খানের বিপরীতে মীরা চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। যদিও হিন্দি ভাষা নিয়ে তিনি ট্রোলের শিকার হয়েছেন, তবে ছবির রিভিউতে সমালোচকরা তার অভিনয়ের প্রশংসা করেছেন। অনেক সমালোচকের মতে, সাই পল্লবীর মতো শক্তিশালী অভিনেত্রীর জন্য আরও ভালো চিত্রনাট্য প্রয়োজন ছিল।
বর্তমানে ভাষা ও কাস্টিং নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকলেও সাই পল্লবীর সাবলীল অভিনয়দক্ষতা নিয়ে ভক্তদের মনে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয়, আগামীতে ‘রামায়ণ’-এর মতো বড় প্রজেক্টে এই সমালোচনা তিনি কীভাবে কাটিয়ে ওঠেন।
সূত্র: এনডিটিভি
এমআর/টিকে