শাহরুখের জন্যই আজ এখানে দাঁড়িয়ে আছি: করণ
ছবি: সংগৃহীত
০৬:৩২ পিএম | ০৭ মে, ২০২৬
৭৮তম মেট গালায় প্রথমবারের মতো অংশ নিয়ে নতুন ইতিহাস গড়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর। আন্তর্জাতিক ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে অংশ নেওয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি বিশেষ পোশাকে করণ তুলে ধরেন ভারতীয় কিংবদন্তি চিত্রশিল্পী রাজা রবি বর্মার শিল্প–ঐতিহ্যের ছাপ। তার এই অনন্য উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তবে নিজের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে করণ জোহর কৃতিত্ব দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত মেট গালায় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে নিজের দীর্ঘ বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ক নিয়ে কথা বলেন করণ। গত বছর শাহরুখ খানের মেট গালায় অভিষেকের পর এবার করণের অংশগ্রহণকে অনেকেই বিশেষ এক মুহূর্ত হিসেবে দেখছেন।

করণ জোহর বলেন, ‘এটা আমার জন্য খুবই আবেগের একটি মুহূর্ত। শাহরুখ খান আমার ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। আমার প্রথম পাঁচটি সিনেমাই তাঁর সঙ্গে করা। সত্যি বলতে, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি অনেকটাই তাঁর কারণেই। গত বছর শাহরুখের মেট গালায় আসা এবং এ বছর আমার অংশগ্রহণ- সব মিলিয়ে মনে হচ্ছে যেন জীবনের একটি পূর্ণ বৃত্ত সম্পন্ন হলো।’
করণ জোহর ও শাহরুখ খানের বন্ধুত্ব বলিউডে বহুদিন ধরেই আলোচিত। নির্মাতা ও অভিনেতা হিসেবে তাঁরা একসঙ্গে উপহার দিয়েছেন একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা। এই জুটির যাত্রা শুরু হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে। সেটিই ছিল করণের পরিচালনায় প্রথম চলচ্চিত্র। এরপর তাঁরা একসঙ্গে করেছেন ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহনা’ ও ‘মাই নেম ইজ খান’-এর মতো জনপ্রিয় সিনেমা। করণ প্রায়ই শাহরুখকে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন বলে উল্লেখ করেন। বিভিন্ন সাক্ষাৎকারে তাঁকে পরিবারের সদস্যের সঙ্গেও তুলনা করেছেন এই নির্মাতা।
মেট গালা ২০২৬-এ করণ জোহর হাজির হন ‘ফ্রেমড ইন এটার্নিটি’ শিরোনামের একটি বিশেষ পোশাকে। মণীশ মালহোত্রার ডিজাইন করা এই পোশাকের মাধ্যমে ‘ফ্যাশন ইজ আর্ট’ ভাবনাকে সামনে আনা হয়। পাওয়ার-শোল্ডার ভিনটেজ জ্যাকেটের সঙ্গে প্রায় ছয় ফুট লম্বা হাতে আঁকা কেপ ছিল এই লুকের প্রধান আকর্ষণ। পোশাকটি তৈরি করতে ৮০ জনের বেশি কারিগরের প্রায় ৮৫ দিন সময় লেগেছে বলে জানা গেছে।
স্টাইলিস্ট একা লাখানির তত্ত্বাবধানে তৈরি এই পোশাকে রাজা রবি বর্মার বিখ্যাত শিল্পকর্ম ‘লেডি উইথ দ্য পিচ’, ‘হংসা দময়ন্তী’, ‘কাদম্বরী’, ‘অর্জুন ও সুভদ্রা’ এবং ‘দেয়ার কামস পাপা’ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। হাতে আঁকা শিল্পকর্মের পাশাপাশি পোশাকে ছিল সূক্ষ্ম জারদৌসি কাজও।
এসএ/এসএন