মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও বিশ্বাস করবেন না: দেব
ছবি: সংগৃহীত
০৬:৫৭ পিএম | ০৭ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় টলিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য দেব একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভ্রান্তির বিষয়ে মুখ খুলেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বলয়ের মধ্যে ঘেরা অবস্থায় কালো টিশার্ট পরা দেব ভিড়ের মধ্য থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তার চারপাশে স্লোগান শোনা যাচ্ছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি বলে জানা গেছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, 'বাংলা কখনও বিদ্বেষের সংস্কৃতি শেখায়নি। গত কয়েকদিন ধরে আমার কিছু বিকৃত ও এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ করবো, দয়া করে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও বিশ্বাস করবেন না। এগুলো শেয়ারও করবেন না।'
সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে সক্রিয়ভাবে অংশ নেন দেব। নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক পরিবর্তনের আবহের মধ্যেই এই ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।
এর আগে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে দেব জানিয়েছিলেন, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া ও নতুন সরকারের প্রতি আস্থা রাখেন। পাশাপাশি তিনি অপপ্রচার ও বিভাজনের রাজনীতির বিরোধিতা করেন। ভিডিও বিতর্ককে কেন্দ্র করে এখন রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
এমআর/এসএন