লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ রাতে দেশে আসছে
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ০৭ মে, ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী রেমিট্যান্স যোদ্ধা দিপালী আক্তারের (৩৪) মরদেহ দীর্ঘ এক মাস পর আজ দেশে ফিরছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করবেন।
দিপালী আক্তার ২০১১ সালে লেবাননে পাড়ি জমিয়েছিলেন। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পরিবার ও এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ এক মাস পর অবশেষে তার মরদেহ দেশে ফিরছে।
দিপালী আক্তারের মরদেহ বুধবার স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত বিমানবন্দর ত্যাগ করে। মরদেহের সাথে দিপালীর পাসপোর্ট, মৃত্যু সনদ ও অন্যান্য কাগজপত্রও রয়েছে। দিপালীর মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরআই/টিকে