© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিডনি উৎসবে এবার ‘মাস্টার’ সিনেমা

শেয়ার করুন:
সিডনি উৎসবে এবার ‘মাস্টার’ সিনেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ এএম | ০৮ মে, ২০২৬
রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয়ের পর এবার অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ৭৩তম সিডনি চলচ্চিত্র উৎসবে (এসএফএফ) আমন্ত্রিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘ফিচার্স’ বিভাগে ছবিটির অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

এ বছর সিডনি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আসগর ফারহাদি, আন্দ্রে জভিয়াগিনৎসেভ এবং ক্রিস্টিয়ান মুঞ্জিউর মতো বিশ্বখ্যাত নির্মাতাদের কান-ফেরত সিনেমাগুলো প্রদর্শিত হবে। অন্যদিকে, উৎসবের ‘ফিচার্স’ বিভাগটি সাজানো হয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন উৎসবে সারাবছরের আলোচিত এবং শৈল্পিক মানসম্পন্ন চলচ্চিত্রগুলো নিয়ে। এই বিভাগেই জায়গা করে নিয়েছে ‘মাস্টার’। একই বিভাগে আরও প্রদর্শিত হবে রাফায়েল ম্যানুয়েলের বার্লিনালে এবং সানড্যান্সজয়ী ‘ফিলিপিনানা’।



এর আগে এই উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ (২০২১) এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’ (২০২২)। ১২৬ মিনিট দৈর্ঘ্যের ‘মাস্টার’ সিনেমাটি রাজনীতি, শ্রেণি সংঘাত ও মানবিকতার এক জটিল আখ্যান। গল্পের কেন্দ্রে রয়েছেন জহির (নাসির উদ্দিন খান) নামে একজন আদর্শবান শিক্ষক, যিনি পরিস্থিতির চাপে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ক্ষমতার স্বাদ পাওয়ার পর নিজের বিবেক, জনমানুষের প্রত্যাশা এবং দুর্নীতির চক্রের মাঝে পড়ে জহিরের বদলে যাওয়ার গল্পই এখানে উঠে এসেছে।

এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলম। বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এই ছবিটি প্রযোজনা করেছে ‘মাইপিক্সেলস্টোরি’।

এসএ/এসএন

মন্তব্য করুন