জি বাংলায় আসছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’?
ছবি: সংগৃহীত
১১:৩৫ এএম | ০৮ মে, ২০২৬
নতুন গল্প, নতুন লড়াই আর এক মায়ের অসম সাহসী পথচলাকে কেন্দ্র করে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকটির দ্বিতীয় ঝলক। আর সেই সঙ্গে জানা গেল সম্প্রচারের দিনক্ষণও। আগামী ১ জুন থেকে দর্শকদের ঘরে পৌঁছে যাবে এই নতুন ধারাবাহিক।
চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে প্রথমবার সামনে এসেছিল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র প্রথম ঝলক। তখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। শোনা গিয়েছিল এপ্রিল মাসেই শুরু হবে সম্প্রচার। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। অবশেষে দ্বিতীয় ঝলক প্রকাশের মাধ্যমে নির্মাতারা জানিয়ে দিলেন, জুনের শুরুতেই পর্দায় আসছে এই নতুন গল্প।
ধারাবাহিকটির মূল কেন্দ্রে রয়েছেন অন্নপূর্ণা নামের এক সংগ্রামী নারী। পুত্রসন্তানের জন্ম দিতে পারেননি বলে স্বামী তাকে এবং তার তিন মেয়েকে ছেড়ে চলে যায়। সেখান থেকেই শুরু হয় এক মায়ের একার লড়াই। ভাতের হোটেল চালিয়ে তিন মেয়েকে মানুষ করার গল্পই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। সমাজের নানা বাধা, কটূক্তি আর প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে অন্নপূর্ণার জয়ের গল্পই হবে এই মেগার মূল আকর্ষণ।

অন্নপূর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিজ্ঞ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। বহু বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। নানা চরিত্রে অভিনয় করে আগেই দর্শকের মন জয় করেছেন। এবার তাকে দেখা যাবে মায়া-মমতায় ভরা এক লড়াকু মায়ের চরিত্রে।
অন্নপূর্ণার এক মেয়ের চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। অন্য এক মেয়ের চরিত্রে দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। তৃতীয় মেয়ের চরিত্রে সম্ভবত আসছেন নতুন মুখ। অন্যদিকে, স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়।
দ্বিতীয় ঝলকে ইতোমধ্যেই নজর কেড়েছে স্বস্তিকা ও সৌম্যদীপের রসায়ন। এর আগে স্বস্তিকা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। আর সৌম্যদীপ জনপ্রিয়তা পেয়েছিলেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক দিয়ে। এই দুই ধারাবাহিকই দীর্ঘ সময় ধরে দর্শকপ্রিয়তা ধরে রেখেছিল। সেই সফল জুটিকেই এবার নতুন গল্পে ফিরিয়ে আনছে জি বাংলা।
বর্তমানে যেখানে বেশিরভাগ ধারাবাহিক কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি জনপ্রিয় ধারাবাহিকের মুখগুলিকে একসঙ্গে নিয়ে নতুন বাজি ধরেছে চ্যানেল। তাই শুরু হওয়ার আগেই ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
এসএ/এসএন