শাকিরা ও বার্না বয়ের যুগলবন্দিতে বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’, মুক্তি পাবে ১৪ মে
ছবি: সংগৃহীত
১২:১১ পিএম | ০৮ মে, ২০২৬
ফুটবল বিশ্বকাপ আর শাকিরা-এই দুই নাম যেন গত এক যুগেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের ‘লা লা লা’-এর পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গাইতে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছে তার নতুন গান ‘দাই দাই’, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে তৈরি হওয়া গানটি আগামী ১৪ মে মুক্তি পাবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের আবেগ, বৈচিত্র্য ও বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরতেই এই গানে একসঙ্গে আনা হয়েছে দুই ভিন্ন সংস্কৃতির জনপ্রিয় শিল্পীকে।

শাকিরার জন্য এটি বিশেষ এক মাইলফলক। কারণ, এর মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল সংগীতে কণ্ঠ দিচ্ছেন।২০১০ বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল থিম সং হিসেবে বিবেচিত হয়। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ‘লা লা লা’ গান দিয়ে সমর্থকদের মাতিয়েছিলেন তিনি।
অন্যদিকে, বার্না বয়ের উপস্থিতি গানটিকে দিয়েছে নতুন মাত্রা। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রোবিটস ঘরানাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন তিনি। ফলে ‘দাই দাই’ গানটিতে লাতিন পপ ও আফ্রিকান বিটের এক অনন্য মিশ্রণ দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। আর সেই আসরের উন্মাদনা শুরু হওয়ার আগেই নতুন থিম সং নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আরআই/এসএন