‘বাদশাহী’ উদারতার অজানা গল্প শোনালেন শেখর সুমন
ছবি: সংগৃহীত
১২:৩৩ পিএম | ০৮ মে, ২০২৬
বলিউডে শাহরুখ খানের উদারতা ও আন্তরিকতার গল্প নতুন নয়। সহকর্মী থেকে শুরু করে সেটের সাধারণ কর্মী- সবার প্রতি তাঁর মানবিক আচরণ বারবার আলোচনায় এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো অভিনেতা শেখর সুমনের এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা, যেখানে উঠে এল শাহরুখ খানের উপহার দেওয়া এক মূল্যবান স্মারকের গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখর সুমন জানান, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চলতে চলতে’ ছবির সময়ের একটি ঘটনা আজও তাঁর মনে গভীরভাবে গেঁথে আছে। ছবির ভয়েস ওভারের জন্য শাহরুখ খান নিজেই তাঁকে ফোন করে অনুরোধ করেছিলেন। ফোনের অপর প্রান্তে শাহরুখের কণ্ঠ শুনে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
শেখরের কথায়, কাজ শেষ হওয়ার পর প্রথমে শাহরুখ তাঁকে পারিশ্রমিক হিসেবে বড় অঙ্কের একটি চেক পাঠান। কিন্তু বন্ধুত্বের সম্পর্কের কারণে তিনি সেই অর্থ নিতে অস্বীকার করেন। এরপর আরও বড় অঙ্কের চেক পাঠালেও তিনি তা ফিরিয়ে দেন।

শেখর জানান, তিনি স্পষ্টভাবে শাহরুখকে বলেন, এটি দুই বন্ধুর সম্পর্ক, এখানে অর্থের কোনও স্থান নেই। তাই তিনি কোনও পারিশ্রমিক গ্রহণ করবেন না। তবে শাহরুখ খানও সহজে হার মানার মানুষ নন।
এরপর কিছুদিন পর শাহরুখ খান তাঁকে একটি অত্যন্ত মূল্যবান ঘড়ি উপহার হিসেবে পাঠান। সেই ঘড়িটি আজও নিজের কাছে যত্ন করে রেখেছেন বলে জানান শেখর সুমন। তাঁর মতে, এটি শুধুমাত্র একটি উপহার নয়, বরং একটি স্মৃতি যা বন্ধুত্বের প্রতীক হয়ে আছে।
২০০৩ সালের সেই সময়ের জনপ্রিয় ছবি ‘চলতে চলতে’ পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। শাহরুখ খান ও রানি মুখার্জির অভিনয়ে ছবিটি সে সময় বিপুল সাফল্য পায়। বিশ্বব্যাপী ছবিটি উল্লেখযোগ্য ব্যবসাও করেছিল।
বর্তমান সময়েও শাহরুখ খান ব্যস্ত রয়েছেন একাধিক প্রজেক্ট নিয়ে। অন্যদিকে শেখর সুমনকে সম্প্রতি দেখা গেছে ওটিটি সিরিজে। তবে এই পুরনো স্মৃতিচারণ আবারও প্রমাণ করল, শাহরুখ খান শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি এক অনন্য ব্যক্তিত্ব।
এসএ/এসএন