© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বারাকপুরে হেরে রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী!

শেয়ার করুন:
বারাকপুরে হেরে রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ পিএম | ০৮ মে, ২০২৬
চব্বিশ-ছাব্বিশের রাজনৈতিক উত্তেজনার আবহে বারাকপুরের ময়দান থেকে এবার বড় সিদ্ধান্ত জানালেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। এক সময় যে রোড শোতে ফুল-মালায় ভরিয়ে দিয়েছিল বারাকপুরবাসী, নির্বাচনের ফল ঘোষণার পর সেই একই এলাকায় দেখা যায় তীব্র জনরোষ। গণনাকেন্দ্রের বাইরে ‘চোর চোর’ স্লোগান, কাদা ও চটি ছোড়ার মতো ঘটনায় চরম বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে।

তবুও সেই সময় নিজেকে সংযত রেখেই গণনাকেন্দ্র ত্যাগ করেন রাজ চক্রবর্তী। ঘটনার কয়েকদিন পর নীরবতা ভেঙে এবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, ২০২৬ সালে তার রাজনৈতিক জীবনের অধ্যায় শেষ হচ্ছে।

রাজ জানান, জীবনে দায়িত্ব যেটাই পেয়েছেন, নিষ্ঠা ও সততার সঙ্গে তা পালনের চেষ্টা করেছেন। তিনি বলেন, পরিচালক হিসেবে যেমন সিনেমার মাধ্যমে মানুষের বিনোদনের চেষ্টা করেছেন, তেমনি রাজনৈতিক জীবনে বিধায়কের দায়িত্বও আন্তরিকভাবে পালন করেছেন। জয়-পরাজয় জীবনের অংশ বলেও মন্তব্য করেন তিনি।



দুই হাজার একুশ সালে রাজনীতিতে প্রবেশ করেছিলেন রাজ চক্রবর্তী। সেই সময় মানুষের দেওয়া সুযোগকে কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করেছেন বলে জানান তিনি। পরবর্তী পাঁচ বছর বিধায়কের দায়িত্ব পালনকে তিনি নিজের কর্তব্য হিসেবে দেখেছেন। তবে ২০২৬ সালের নির্বাচনের পর সেই অধ্যায় শেষ হচ্ছে বলে ঘোষণা করেন তিনি।

রাজ আরও জানান, পশ্চিমবঙ্গের মানুষের রায়কে তিনি সম্মান করেন। নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে রাজ্য উন্নতির পথে এগিয়ে যাবে এবং মানুষের সমস্যার সমাধান হবে।

রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা দিলেও তিনি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রাখার কথা জানিয়েছেন। পাশাপাশি সকলের সুস্থতা ও ভালো থাকার কামনাও করেন তিনি।

এই ঘোষণার পর রাজনৈতিক মহলে যেমন আলোচনার ঝড় উঠেছে, তেমনি চলচ্চিত্র অঙ্গনেও রাজ চক্রবর্তীর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে।

এসএ/এসএন

মন্তব্য করুন