বিজয়কে সরকার গঠন করার সুযোগ দেওয়া উচিত: জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:০২ পিএম | ০৮ মে, ২০২৬
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চসংখ্যক আসনে জয়ী দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রেসিডেন্ট জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়কে সরকার গঠন করার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
আজ শুক্রবার জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে ওমর আবদুল্লাহ বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশনা যদি আমরা মেনে চলি, তাহলে (তামিলনাড়ুতে) রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত নয়। এমন অনেক মামলা আছে যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছেন যে নির্বাচনের পর একক বৃহত্তম দলকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো উচিত..... বিজয়কে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত।”
“যদি তিনি বিধানসভায় তার প্রয়োজনীয় সংখ্যা প্রমাণ করতে পারেন, তবে তিনি থাকবেন; অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে; কিন্তু সেই সুযোগটা তাকে দিতে হবে।”
তামিলনাড়ুর বিধানসভায় মোট আসনসংখ্যা ২৩৪টি। কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে সেই দল বা জোটকে কমপক্ষে ১১৮টি আসনে জয়ী হতে হবে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে জয়ী হয়েছে ১০৭টি আসনে। অর্থাৎ একক দল হিসেবে এবারের নির্বাচনে সর্বোচ্চসংখ্যক আসন পেয়েছে টিভিকে। জীবনে প্রথমবার নির্বাচনে প্রার্থী হওয়া বিজয় নিজে জয়ী হয়েছেন ২টি আসনে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না থাকায় কংগ্রেসের সঙ্গে জোট করে টিভিকে। কংগ্রেস ৫টি আসনে জয়ী হওয়ায় টিভিকে-কংগ্রেস জোটের মোট আসনসংখ্যা বেড়ে হয় ১১২টি। তবে তারপরও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে ৬ টি আসন কম আছে এই জোটের।
গত ৬ মে বুধবার নিজ দল এবং কংগ্রেসের এমপিদের নিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গড়ার আর্জি জানান বিজয়। কিন্তু রাজ্যপাল তাকে ফিরিয়ে দেন এবং ১১৮ জন এমপির সমর্থন নিয়ে আসতে বলেন।
রাজ্যপালের এই কথা মেনে টিভিকে এখন প্রায় হন্যে হয়ে জোটসঙ্গী খুঁজছে।
সূত্র : এনডিটিভি
এসকে/টিকে