মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
০৯:২১ পিএম | ০৮ মে, ২০২৬
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন: আলম (১৬), কালু মিয়া (১৬) ও সোনা মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম দিক থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনা স্থলেই নিহত হন। অপর আরোহী কালু মিয়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৫ মিনিটে মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক সোনা মিয়া গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা সংবাদ পাবার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে সাটুরিয়া থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইউটি/টিএ