জঙ্গল সলিমপুরে শৃঙ্খলা ফেরাতে সব প্রতিবন্ধকতা মোকাবিলা করা হবে: এসপি মাসুদ
ছবি: সংগৃহীত
১০:১৭ পিএম | ০৮ মে, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা হিসেবে ব্যবহার করা হয়েছে। এলাকাটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম।
শুক্রবার (৮ মে) বিকেলে জঙ্গল সলিমপুর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর একটি আলোচিত এলাকা। রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র- এমন কথাও শুনেছি। এছাড়া এখানে আগে র্যাব সদস্য হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছিল। নানা কারণে বর্তমানে এলাকাটি আলোচনায় রয়েছে। জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাস নির্মূলের পরিকল্পনা দিয়েই আমি দায়িত্ব পালন শুরু করতে চাই।
তিনি আরও বলেন, এলাকায় একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। দেশের অন্যান্য এলাকার মতো জঙ্গল সলিমপুরের বাসিন্দারাও যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে বসবাস করতে পারেন, সেই নিশ্চয়তা দিতেই আমি এখানে এসেছি। এ কাজে যে ধরনের প্রতিবন্ধকতা আসবে, আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে তা মোকাবিলা করবে।
পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন এবং দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বর্তমান অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ভবিষ্যতে স্থায়ী ক্যাম্প নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানগুলোও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড় কাটা, পরিবেশ ধ্বংসসহ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল জঙ্গল সলিমপুর এলাকায়। তারা এলাকাটিকে কার্যত সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। এমনকি সেখানে অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার মতো কর্মকাণ্ডও চলত।
এসকে/টিকে