© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপিকে জুলাই সনদের বাইরে কিছু না চাওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের

শেয়ার করুন:
এনসিপিকে জুলাই সনদের বাইরে কিছু না চাওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ এএম | ০৯ মে, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের জুলাই সনদের বাইরে কিছু চেয়ে ঝামেলা সৃষ্টির চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

শুক্রবার (৮ মে) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। প্রথমে এনসিপি স্বাক্ষর করেনি, পরে তারাও করেছে।

এ সনদে যা লেখা আছে-এটা তারা (এনসিপি) মানতে চাচ্ছে না। আমরা সবাই মিলে একমত হয়ে স্বাক্ষর করলাম, তারপর এটা মানব না, ওটা তো হতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মান্য করব। কিন্তু সনদে যা বলা আছে তা কার্যকর করতে হলে বিল উত্থাপন করে জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ মেজরিটি দিয়ে অনুমোদন করাতে হবে। আর এটা করার জন্য যে সময় দরকার সেটা দিতে হবে। এই সংসদ দায়িত্ব নেওয়ার পরে একশর বেশি অধ্যাদেশ যা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে-সেটা সংসদে একটা একটা করে পাস করাতে অনেক দিন চলে গেছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, সংসদের সদস্য যারা হবেন তারা যদি সংসদীয় নিয়ম বুঝতে না চান, আইন বুঝতে না চান তাহলে তো হবে না। এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপির যথেষ্ট জনসমর্থন আছে, আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমরা কারও হুমকি-ধমকিতে ভয় পাই না। আমরা অনুরোধ করব বিষয়টি বোঝার চেষ্টা করুন, সঙ্গেই থাকুন। আমরা যখন বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, তখন এর বাইরে কিছু চেয়ে ঝামেলা করার চেষ্টা করার দরকার নেই। 

আলোচনা সভায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক প্রমুখ বক্তব্য দেন।

কেএন/টিএ

মন্তব্য করুন