বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আয়োজনে কেটি পেরি, লিসার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের সঞ্জয়
ছবি: সংগৃহীত
০১:৪০ পিএম | ০৯ মে, ২০২৬
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশ্বজুড়ে সংগীত, বিনোদন আর তারকাদের মহাযজ্ঞ। এবার সেই আয়োজন আরও বড় পরিসরে করতে যাচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে আসন্ন বিশ্বকাপ। আর এই তিন আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজন ঘিরে এখন বাড়তি উচ্ছ্বাস। আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। সেই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী লিসা। তবে এই আন্তর্জাতিক তারকাদের ভিড়েও আলাদা করে নজর কেড়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
ফিফার এই বিশাল মঞ্চে পারফর্ম করার খবর নিশ্চিত করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সঞ্জয়। তিনি বলেন, ছোট্ট ঘরের স্টুডিও থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো তাঁর জন্য অবিশ্বাস্য অনুভূতি। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দুই সংস্কৃতির ভেতর বেড়ে ওঠা তরুণদের স্বপ্নেরও প্রতিফলন।
ইতিমধ্যেই আন্তর্জাতিক সংগীত অঙ্গনে পরিচিত নাম হয়ে উঠেছেন সঞ্জয়। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার শ্রোতাদের কাছেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এমনকি বিশ্বখ্যাত সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও তাঁকে অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পী হিসেবে উল্লেখ করেছে।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, একই দিনে কানাডার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে তারকাদের মেলা। টরন্টোয় কানাডার ম্যাচের আগে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা।
অন্যদিকে ১১ জুন অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেক্সিকো। সেই উদ্বোধনী আয়োজনে থাকছে মেক্সিকান রক ব্যান্ড মানা, গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ ও জনপ্রিয় শিল্পী বেলিন্দা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও অংশ নেবেন অনুষ্ঠানে।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে আরও অংশ নেবেন আন্তর্জাতিক অঙ্গনের একাধিক জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে রয়েছেন জে বালভিন, আনিত্তা, ড্যানি ওশান, এলিয়ান্না ও ভেজেড্রিম।
জানা গেছে, দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আনতেই ম্যাচ শুরুর প্রায় নব্বই মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবে ফিফা। সব মিলিয়ে মাঠের খেলার আগেই বিশ্বকাপের মঞ্চে বসতে যাচ্ছে সংগীত আর বিনোদনের জমজমাট আসর।
এসএ/টিএ