© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৩ বছর পর একসঙ্গে শাহরুখ-সাইফ

শেয়ার করুন:
২৩ বছর পর একসঙ্গে শাহরুখ-সাইফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৩ পিএম | ০৯ মে, ২০২৬
দীর্ঘ তেইশ বছর আগে ‘কাল হো না হো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন শাহরুখ খান ও সাইফ আলি খান। সেই জনপ্রিয় জুটিকে এবার আবারও একসঙ্গে দেখা যাচ্ছে নতুন প্রজেক্ট ‘কর্তব্য’ ঘিরে। তবে এবার সম্পর্কটা পর্দার সহশিল্পীর নয়, বরং অভিনেতা ও প্রযোজকের।

শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত হয়েছে নতুন ক্রাইম ড্রামা ‘কর্তব্য’। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান। অন্যদিকে প্রযোজকের ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। সম্প্রতি মুম্বাইয়ে জমকালো আয়োজনে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার। আর সেই অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধু শাহরুখকে নিয়ে খোলামেলা কথা বলেন সাইফ।



সাইফ জানান, পুরো শুটিং চলাকালে একদিনের জন্যও সেটে যাননি শাহরুখ। তার মতে, শাহরুখ এমন একজন প্রযোজক, যিনি পরিচালকের স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি বোঝেন, বড় তারকার উপস্থিতি অনেক সময় নির্মাতার ওপর আলাদা চাপ তৈরি করতে পারে। তাই পরিচালককে নিজের মতো করে কাজ করার পূর্ণ সুযোগ দিয়েছেন শাহরুখ।

অভিনেতা আরও জানান, ‘কর্তব্য’-এর চিত্রনাট্য শুনতে বলেছিলেন শাহরুখ নিজেই। গল্পটি ভালো লাগায় তিনি কাজটিতে যুক্ত হন। পরে সিনেমাটি দেখার পর শাহরুখ তার অভিনয়ের প্রশংসাও করেছেন বলে জানান সাইফ।

গৌরী খান প্রযোজিত এবং পুলকিত পরিচালিত এই সিনেমাটি মূলত একটি চরিত্রনির্ভর ক্রাইম ড্রামা। এতে সাইফ আলি খানের পাশাপাশি অভিনয় করেছেন রসিকা দুগাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন ও মণীশ চৌধুরী।

সিনেমাটির গল্প গড়ে উঠেছে ন্যায়বিচার, বিবেক এবং মানুষের নৈতিক সংকটকে কেন্দ্র করে। নির্মাতাদের দাবি, টানটান উত্তেজনা ও আবেগঘন মুহূর্তে ভরপুর এই ছবি দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে।

আগামী পনেরো মে মুক্তি পাবে ‘কর্তব্য’। আর তেইশ বছর পর শাহরুখ-সাইফের এই নতুন সমীকরণ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এসএ/টিএ

মন্তব্য করুন