এবার কী রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিনেতা জিৎ?
ছবি: সংগৃহীত
০৪:২২ পিএম | ০৯ মে, ২০২৬
এবার কী রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিনেতা জিৎ? সাম্প্রতিক কিছু ঘটনা ঘিরে টালিউড ও সোশ্যাল মিডিয়ায় এখন এ নিয়েই চলছে জোর আলোচনা।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেছিলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে…’। এরপর নির্বাচনের ফল প্রকাশের দিন বিনোদন জগতের তারকাদের মধ্যে তিনিই প্রথম বিজেপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান।
আর এবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে।
ভিআইপি নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায় জিৎকে। সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার তাঁর গায়েও লাগল রাজনীতির রং?
গতকাল (৮ এপ্রিল) কলকাতার ব্রিগেড ময়দানে শপথ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন টালিউডের ‘বস’খ্যাত এই অভিনেতা। সাদা পাঞ্জাবি ও রোদচশমায় তাঁর উপস্থিতি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলছেন, দেবের মতো কি এবার ভোটের ময়দানেও দেখা যাবে জিৎকে?

এর আগে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়র মৃত্যুর পর বিচার দাবিতে যখন টালিউডের একাংশ সরব হয়েছিল, তখন সেই আন্দোলনে দেখা যায়নি জিৎকে। ফেডারেশন বা আর্টিস্ট ফোরামের কোনো সভাতেও তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বরাবরই তিনি হেঁটেছেন স্রোতের উল্টো পথে।
তবে কি এবার নতুন সরকার আসতেই ‘স্বস্তির নিঃশ্বাস’ জিতের? রাজনৈতিক পালাবদলের পর তাঁর অবস্থান কি বদলেছে, এমন প্রশ্নও উঠছে নানা মহলে।
নির্বাচনে বিজেপির জয়ের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছিলেন জিৎ। সেখানে তিনি লিখেছিলেন, ‘বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য শুভেচ্ছা বিজেপিকে। আশা করি, এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।’
যদিও রাজনীতিতে যোগ দেওয়া বা নির্বাচনে দাঁড়ানো নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেতা।
তবে তাঁর সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে জল্পনা যে আরো বেড়েছে, তা বলাই যায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা
পিআর/টিকে