‘যে দিকে তাকাবেন শুনবেন নাই নাই’, দেশকে টেনে তোলাই চ্যালেঞ্জ: ফখরুল
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ০৯ মে, ২০২৬
দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির কাছে নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটা ধবংসস্তুপ মধ্য থেকে আমরা সরকারে এসেছি। যে দিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই নাই নাই। আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তুপ থেকে জেগে ওঠা, টেনে তোলা…দলকে শুধু নয়, সরকারকে এবং রাষ্ট্রকে এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ।
“এই চ্যালেঞ্জ মোকাবেলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।”
বিএনপিসহ দলের তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে শনিবার মতবিনিময় সভায় কথা বলছিলেন মির্জা ফখরুল।
বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘ আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধটি হচ্ছে দেশের মানুষকে রক্ষা করবার দেশকে রক্ষা করবার এবং গণতন্ত্রকে রক্ষা করবার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি. আমরা এবং আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে।”
তার কথায়, “আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি নির্বাসনে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। দেশে সফল একটা একটা অভ্যুত্থান ঘটিয়েছেন এবং একই সঙ্গে সফল নির্বাচন জয়লাভের মধ্যে সরকার এসেছেন।
“আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে, আমরা তার এই নেতৃত্ব, দলের নেতাকর্মীদের যে আত্মত্যাগ এ সবগুলোকে স্মরণ করে আমরা যেন দলকে আরো সুসংগঠিত করি।”
দলের কাজের খবর তৃণমূল পৌছে দিতে এবং যোগসূত্র রক্ষা করতে তাগিদ দেন মির্জা ফখরুল।
বেলা পৌনে ১১টায় ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের এই মতবিনিময় সভা হয়। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।
ইউটি/টিএ