বিজেপির শপথে টলি তারকাদের ঢল, ‘নতুন স্বাধীনতা’র সঙ্গে তুলনা
ছবি: সংগৃহীত
০৬:২১ পিএম | ০৯ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টলিউডের একঝাঁক তারকা।
শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সেখানে প্রবীণ অভিনেত্রী মমতাশঙ্কর নতুন সরকারের যাত্রাকে ‘নতুন স্বাধীনতা’র সঙ্গে তুলনা করেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে টলিপাড়ার বড় পর্দা ও ছোট পর্দার জনপ্রিয় শিল্পীরা সেখানে সমবেত হন।
ভারতীয় একটি গণমাধ্যমের খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই ব্রিগেডে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। আমন্ত্রিত অতিথি হিসেবে সাদা পাঞ্জাবিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা জিৎ। এছাড়াও প্রসেনজিৎ চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, মমতাশঙ্কর, পন্ডিত অজয় চক্রবর্তী ও তেজেন্দ্র নারায়ণ মজুমদারের মতো বরেণ্য ব্যক্তিত্বরা অনুষ্ঠানে যোগ দেন।
আবার ছোট পর্দার জনপ্রিয় মুখ অঞ্জনা বসু, ত্রমিলা ভট্টাচার্য, ঋষি কৌশিক ও কৌশিক রায়সহ আরও অনেককে সেখানে দেখা গেছে। অনেক শিল্পীই এই বিশেষ দিনটির জন্য আগে থেকে শুটিং থেকে ছুটি নিয়ে রেখেছিলেন। এমনকি অভিনেত্রী অঞ্জনা বসু অসুস্থতা উপেক্ষা করেও নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে প্রবীণ অভিনেত্রী মমতাশঙ্কর তার অনুভূতি ব্যক্ত করে বলেন, উপস্থিত সবার মধ্যে অত্যন্ত আনন্দ দেখা গেছে এবং তার মনে হয়েছে সবাই আবার স্বাধীন হলো। তিনি শুধু বাংলা নয়, পুরো ভারতের মঙ্গল কামনা করে সবাইকে নিয়মের মধ্যে থেকে সততার সাথে কাজ করার আহ্বান জানান।
অভিনেতা ঋষি কৌশিক জানান, সক্রিয় রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি আদর্শগতভাবে নতুন সরকারের সমর্থক এবং এই প্রথম কোনো রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার ভালো লাগছে। অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য অনুষ্ঠানের মার্জিত ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন।
সম্প্রতি শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। তার এই শপথ গ্রহণের মাধ্যমে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমআই/টিকে