দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরণের
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ০৯ মে, ২০২৬
টালিউড ও রাজনীতি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনায় অভিনেতা তথা রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায়। দেবকে নিয়েও তোপ দাগেন এই বিজেপি নেতা।
চলতি বছরের শুরুতে দ্বিতীয়বার বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। অনেকের ধারণা ছিল, এবার হয়তো নির্বাচনে টিকিট পাবেন না তিনি।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভা নির্বাচনে শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয় তুলে নেন হিরণ।
একসময় টালিউডে রাজনৈতিক কারণে বেশ কয়েকজন তারকাকে কোণঠাসা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই তালিকায় রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্যদের পাশাপাশি নিজের নামও উল্লেখ করেন হিরণ।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টালিউডে তো সব থেকে বড় ব্যানড আমি।
২০২০ সালে বিজেপি যোগ দেওয়ার পর আমার কোনো সহ-অভিনেতা, অভিনেত্রী, কোনো পরিচালক বা প্রযোজক আমাকে একবারের জন্য ফোন করে জিজ্ঞাসা করেননি যে আমি কেমন আছি।’
এ সময় দেবকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। হিরণের দাবি, ‘দেব বলেছিল হিরণের ফিল্ম ক্যারিয়ার শেষ। ঘাঁটালে হেরে যাওয়ার পর ওর রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে যাবে।
সে আমার ক্যারিয়ার শেষ করার প্রার্থনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েই ফিরিয়ে এনেছে এবং দেখিয়ে দিয়েছে দেবের থেকেও বেশি শক্তিশালী পশ্চিমবঙ্গের মানুষ।’

হিরণ আরো বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি ব্যক্তি থেকে মানুষ বড়। দেব যত বড়ই সুপারস্টার হন না কেন, তার থেকেও বেশি শক্তিশালী পশ্চিমবঙ্গের মানুষরা। পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে বিধানসভা ভোটে।’
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও দেবকে তৃণমূলের প্রচারে দেখা গিয়েছিল।
নির্বাচনের ফল প্রকাশের পরও তিনি সৌজন্য বজায় রেখে বিজয়ী দলকে শুভেচ্ছা জানান।
পিআর/টিকে