© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পর প্রথম জন্মদিনে ভক্তদের ভালোবাসায় ভাসলেন বিজয়

শেয়ার করুন:
বিয়ের পর প্রথম জন্মদিনে ভক্তদের ভালোবাসায় ভাসলেন বিজয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ০৯ মে, ২০২৬
বিয়ের পর প্রথম জন্মদিন, তাই এবারের আয়োজন ঘিরে অনুরাগীদের আগ্রহ ছিল তুঙ্গে। দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার ৩৮তম জন্মদিনে হায়দরাবাদের জুবিলি হিল্‌স যেন পরিণত হয়েছিল ছোটখাটো উৎসবের আসরে। সকাল থেকেই অভিনেতার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন শতাধিক অনুরাগী। কারও হাতে ফুল, কেউ আবার শুধু এক ঝলক প্রিয় তারকাকে দেখতেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ান বিজয় দেবরাকোন্ডা। পরনে কমলা রঙের টি-শার্ট, মুখে স্বাভাবিক হাসি। তাঁর পাশে ছিলেন স্ত্রী রাশমিকা  মান্দানা এবং মা। বিয়ের পর প্রথম জন্মদিন হওয়ায় পরিবারের উপস্থিতি যেন মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলে।



ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন অভিনেতা। ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে দেখা যায়, অনুরাগীদের উচ্ছ্বাস দেখে বেশ আবেগাপ্লুতও হয়ে পড়েন তিনি। পাশে দাঁড়িয়ে সেই মুহূর্ত নিজের ক্যামেরায় বন্দি করতে দেখা যায় রশ্মিকাকে। ভক্তদের ভালোবাসা দেখে হাসিমুখে ছিলেন বিজয়ের মাও।

শুধু শুভেচ্ছা বিনিময়েই শেষ হয়নি আয়োজন। পরে অনুরাগীদের সঙ্গে বিশাল তিনতলা কেক কাটেন বিজয়। জন্মদিন ঘিরে অভিনেতার বাড়ির সামনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিজয়-রাশমিকার সঙ্গে মজার কথোপকথনেও মাতেন উপস্থিত ভক্তরা।

বিশেষ দিনে বিজয়ের ভাইও সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের কিছু অদেখা ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান। ফলে নতুন সংসারের আবেগ আর জন্মদিনের আনন্দ মিলিয়ে দিনটি হয়ে ওঠে আরও স্মরণীয়।

যদিও পরিবারের পক্ষ থেকে আরও কোনও ব্যক্তিগত আয়োজন ছিল কি না, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনুরাগীদের ভালোবাসা আর পরিবারের উপস্থিতিতে এবারের জন্মদিন যে বিজয়ের কাছে আলাদা গুরুত্ব বহন করছে, তা স্পষ্ট।

পিআর/টিকে

মন্তব্য করুন