নতুন সরকার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মমতাশঙ্কর
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ০৯ মে, ২০২৬
রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার নতুন সরকার নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী মমতা শঙ্কর। শনিবার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা। সেই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পণ্ডিত অজয় চক্রবর্তী এবং মমতা শঙ্করও।
নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। সরকার বদলের প্রভাব যে টলিউডেও পড়েছে, তা স্পষ্ট অনুষ্ঠানে তারকাদের উপস্থিতিতেই। বিশেষ করে ইন্ডাস্ট্রির ভেতরে দীর্ঘদিন ধরে চলা নানা বিতর্ক ও অসন্তোষের আবহে এই পরিবর্তন নিয়ে কৌতূহল ছিল অনেকের মধ্যেই।
অনুষ্ঠানে প্রবেশের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা শঙ্কর বলেন, এই আয়োজন তাঁর খুব ভালো লাগছে। চারপাশে মানুষের মুখে যে আনন্দের ছাপ দেখছেন, সেটাও তাঁকে খুশি করছে। অভিনেত্রীর কথায়, পরিবর্তন প্রয়োজন ছিল এবং সেই পরিবর্তন এখন দৃশ্যমান।

শুধু রাজনীতি নয়, টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে ইন্ডাস্ট্রিতে ব্যান সংস্কৃতি, গোষ্ঠীদ্বন্দ্ব এবং শুটিং ঘিরে নানা অভিযোগ সামনে এসেছে। সেই প্রসঙ্গ টেনে মমতা শঙ্কর বলেন, শুধু টলিউড নয়, সমাজের সব ক্ষেত্রেই পরিবর্তন দরকার। তবে সেই পরিবর্তন আগে নিজেদের ভেতর থেকেই শুরু হওয়া উচিত বলেও মনে করেন তিনি।
অভিনেত্রীর মতে, প্রত্যেক মানুষের সৎ হওয়া প্রয়োজন। তাহলেই সমাজ এবং ইন্ডাস্ট্রি— দুই জায়গাতেই ইতিবাচক পরিবর্তন আসবে। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই টলিউডের অন্দরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০২৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন মমতা শঙ্কর। দীর্ঘদিন ধরে অভিনয় ও নৃত্যচর্চার মাধ্যমে তিনি নিজস্ব জায়গা তৈরি করেছেন ভারতীয় সংস্কৃতির অঙ্গনে।
পিআর/টিকে