একদিন সব মহিলা স্বামী হিসাবে চাইবে: শাহরুখ
ছবি: সংগৃহীত
০৭:৫১ এএম | ১০ মে, ২০২৬
বলিউডের ইতিহাসে এমন অনেক তারকা এসেছেন, যারা জনপ্রিয়তা পেয়েছেন, আবার সময়ের সঙ্গে হারিয়েও গেছেন। কিন্তু শাহরুখ খান যেন সেই ব্যতিক্রম, যিনি নিজেই নিজের ভবিষ্যৎ বহু বছর আগেই লিখে ফেলেছিলেন। তখনও তিনি বলিউডের বাদশা নন, নিজের জায়গা তৈরি করার জন্য সংগ্রাম করছেন। ছোট পর্দায় কাজ করছেন, স্টুডিও থেকে স্টুডিওতে ঘুরছেন। সেই সময়েই নাকি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, একদিন তিনিই বলিউড শাসন করবেন।
সম্প্রতি বর্ষীয়ান সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশের একটি পুরোনো স্মৃতিচারণ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে শাহরুখ খানের সেই আত্মবিশ্বাসী মন্তব্য। সাংবাদিকের দাবি, ক্যারিয়ারের শুরুর দিকে এক শুটিং সেটে শাহরুখের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সেখান থেকেই শুরু কথোপকথন। পরে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। আর সেই আড্ডাতেই নিজের স্বপ্নের কথা অকপটে জানিয়েছিলেন শাহরুখ।

সাংবাদিকের কথায়, সেই সময়ের শাহরুখ ছিলেন অনেক বেশি সরাসরি। আজকের মতো কূটনৈতিক ছিলেন না। তখনই নাকি তিনি বলেছিলেন, একদিন বলিউডে রাজ করবেন। শুধু তাই নয়, নিজের অভিনয় নিয়েও ছিল তাঁর স্পষ্ট ভাবনা। শাহরুখের বিশ্বাস ছিল, তিনি এমন ছবি করবেন যা মানুষের অনুভূতিকে নাড়া দেবে। মায়েরা তাঁদের সন্তানের কথা ভাববেন, মহিলারা চাইবেন তাঁর মতো একজন স্বামী, আর শিশুরা পর্দার মানুষটিকেই বাবার মতো কল্পনা করবে।
সময় বদলেছে, বদলেছে শাহরুখ খানের অবস্থানও। সেই সংগ্রামী অভিনেতাই আজ কোটি কোটি মানুষের হৃদয়ের তারকা। রোম্যান্টিক নায়ক থেকে অ্যাকশনধর্মী চরিত্র প্রতিটি ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। মাঝখানে ব্যর্থতা এসেছে, সমালোচনাও হয়েছে, কিন্তু আত্মবিশ্বাস হারাননি কখনও।
জ্যোতি ভেঙ্কটেশ আরও জানান, দীর্ঘদিন পর আবার শাহরুখের সঙ্গে দেখা হলে অভিনেতা তাঁকে বলেছিলেন, অভিনয়ের জন্য কখনও অর্থকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখেননি তিনি। বরং খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগকেই গুরুত্ব দিয়েছেন বেশি। বিজ্ঞাপন থেকেই জীবনের বড় অংশের আয় এসেছে বলেও নাকি জানিয়েছিলেন অভিনেতা।
আজও শাহরুখ খান একইরকম স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী। শুধু সময়ের সঙ্গে আরও ব্যস্ত হয়েছেন তিনি। কিন্তু বহু বছর আগে বলা সেই কথাগুলো এখন যেন বাস্তবের প্রতিচ্ছবি। কারণ বলিউডে আজও শাহরুখ খান মানেই এক অদম্য উপস্থিতি, এক অন্যরকম আবেগ।
পিআর/টিকে