© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুভেন্দুর শপথের পর যশের পোস্ট ঘিরে জল্পনা

শেয়ার করুন:
শুভেন্দুর শপথের পর যশের পোস্ট ঘিরে জল্পনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ এএম | ১০ মে, ২০২৬
পঁচিশে বৈশাখের সকালেই বদলে গেল ওপার বাংলার রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর এই রাজনৈতিক পালাবদলের আবহেই উচ্ছ্বাস লুকোতে পারলেন না টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত।

শপথগ্রহণের পরপরই সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের একটি পুরোনো ছবি ভাগ করে নেন যশ। সেই পোস্টেই নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। শুধু শুভেচ্ছাই নয়, শুভেন্দুর রাজনৈতিক লড়াই ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন অভিনেতা।

যশ লেখেন, কঠিন রাজনৈতিক সময়েও শুভেন্দু অধিকারীর লড়াইয়ের মানসিকতা এবং বাংলার মানুষের প্রতি তাঁর অঙ্গীকার তিনি কাছ থেকে দেখেছেন। একইসঙ্গে নতুন সরকারের হাত ধরে বাংলার উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায়ের আশাও প্রকাশ করেন অভিনেতা।



যশের এই পোস্ট প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। কারণ ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানের স্বামী। দীর্ঘদিন তৃণমূলের পরিচিত মুখ ছিলেন নুসরত। সেই জায়গা থেকে যশের এই প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নতুন করে কৌতূহল বাড়িয়েছে।

যদিও রাজনীতির সঙ্গে যশের সম্পর্ক নতুন নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে চণ্ডীতলা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। পরে রাজনীতি থেকে খানিকটা দূরত্ব বজায় রাখলেও এবার শুভেন্দুর শপথের দিন তাঁর সক্রিয় উপস্থিতি এবং আবেগঘন বার্তা ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে।

টলিউডের অন্দরমহলের একাংশের মতে, বাংলায় রাজনৈতিক পালাবদলের এই সময়ে যশ আবারও সক্রিয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন। যদিও এ বিষয়ে অভিনেতার তরফে এখনো সরাসরি কিছু জানানো হয়নি।

তবে একথা স্পষ্ট, শুভেন্দু অধিকারীর শপথের দিন যশ দাশগুপ্তের এই পোস্ট এখন বিনোদন ও রাজনৈতিক দুই মহলেই আলোচনার কেন্দ্রবিন্দু।

পিআর/টিকে



মন্তব্য করুন