দ্বিতীয় ছেলের নাম প্রকাশ্যে আনলেন সোনম কাপুর
ছবি: সংগৃহীত
১০:০০ এএম | ১০ মে, ২০২৬
দ্বিতীয়বার মা হওয়ার সুখবর আগেই দিয়েছিলেন সোনম কাপুর। গত ২৯ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। তবে এতদিন ছোট ছেলেকে জনসমক্ষে না আনলেও এবার প্রকাশ করলেন তার নাম। আর সেই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে আধ্যাত্মিকতা, পারিবারিক আবেগ আর বড় ছেলে বায়ুর সঙ্গে এক গভীর সংযোগের ইঙ্গিত।
সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে সোনম জানান, তাঁর দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে রুদ্রলোক কাপুর আহুজা। পোস্টে দেখা যায়, একটি চেয়ারে বসে কোলে নবজাতককে নিয়ে রয়েছেন অভিনেত্রী। পাশে স্বামী আনন্দ আহুজার কোলে বড় ছেলে বায়ু।

ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় সোনম লিখেছেন, পবিত্র একাদশী তিথিতে বিষ্ণুর আশীর্বাদে তাঁদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে এসেছে। এই জন্মকে তিনি মহাজাগতিক সংযোগ এবং ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করছেন। একইসঙ্গে বড় ছেলে বায়ুর সঙ্গে ছোট ভাইয়ের সম্পর্ককেও আধ্যাত্মিক বন্ধন হিসেবে বর্ণনা করেছেন অভিনেত্রী।
ছেলের নামের অর্থও ব্যাখ্যা করেছেন সোনম। তাঁর কথায়, ‘রুদ্র’ শব্দের অর্থ গর্জনকারী, যিনি দুঃখ দূর করেন। আবার রুদ্রের সঙ্গে বায়ুর সম্পর্কও অত্যন্ত গভীর। সেই ভাবনা থেকেই দুই সন্তানের নামের মধ্যে এক বিশেষ মিল রেখেছেন তাঁরা।
অভিনেত্রী আরও জানান, নামের মতোই তিনি চান তাঁর ছোট ছেলে নির্ভীক, সহানুভূতিশীল এবং আলোর উৎস হয়ে উঠুক। অনুরাগীদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সোনম ও আনন্দ।
যদিও এখনও নবজাতকের মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে তার আগেই সোনমের বোন রিয়া কাপুর সামাজিক মাধ্যমে ছোট্ট শিশুর এক ঝলক ভাগ করে নিয়েছিলেন। সেই পোস্ট ঘিরেও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল উচ্ছ্বাস।
মা হওয়ার পর এখন পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সোনম। আর নতুন সদস্যের নাম প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরছে তাঁদের সামাজিক মাধ্যম।
পিআর/টিকে