আমি ওদের দিকে তাকাতেও ঘৃণা বোধ করি: লাবনী সরকার
ছবি: সংগৃহীত
১০:১৪ এএম | ১০ মে, ২০২৬
টলিউডের প্রবীণ অভিনেত্রী লাবনী সরকার এবার এক বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি নিশানা করেছেন ইন্ডাস্ট্রির সেই সব শিল্পীদের, যাঁরা পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়েছেন। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিনোদন মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
একটি সাক্ষাৎকারে লাবনী সরকার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে টলিউডের একাংশ শিল্পী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অবস্থান এমনভাবে তুলে ধরছেন, যেন তারাই সবকিছুর নিয়ন্ত্রক। তাঁর দাবি, এই প্রবণতা ইন্ডাস্ট্রির প্রতি সাধারণ মানুষের সম্মান ও বিশ্বাস কমিয়ে দিচ্ছে।
অভিনেত্রী আরও বলেন, তিনি নিজে কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকার ইচ্ছা নেই। তাই অন্যদের রাজনৈতিক সিদ্ধান্তের দায় তিনি নিতে চান না বলেও স্পষ্ট জানান।

তবে এখানেই সবচেয়ে বিতর্কিত হয়ে ওঠে তাঁর বক্তব্য। লাবনী সরকার বলেন, কিছু শিল্পীকে তিনি ইন্ডাস্ট্রির অংশ বলেই মনে করেন না। এমনকি তাঁদের দিকে তাকাতেও তাঁর অস্বস্তি হয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তাঁদের নাম উচ্চারণ করতেও অনীহা প্রকাশ করেন এই প্রবীণ অভিনেত্রী।
তার মতে, রাজনীতিতে শিল্পীদের সক্রিয় অংশগ্রহণের কারণে এক সময় যে ইন্ডাস্ট্রিকে মানুষ সম্মানের চোখে দেখত, সেই মর্যাদা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে বলেও দাবি করেন তিনি।
লাবনী সরকারের এই মন্তব্য ঘিরে টলিপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, তাঁর বক্তব্য সরাসরি রাজনৈতিকভাবে সক্রিয় একাংশ অভিনেতা-অভিনেত্রীর দিকেই ইঙ্গিত করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সব মিলিয়ে, প্রবীণ অভিনেত্রীর এই বিস্ফোরক মন্তব্য আবারও টলিউডে শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল।
পিআর/টিকে