৫২ দিন পরেও বক্স অফিসে দাপট ‘ধুরন্ধর ২’-এর
ছবি: সংগৃহীত
১১:০৮ এএম | ১০ মে, ২০২৬
মুক্তির প্রায় দুই মাস পরেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’। একের পর এক নতুন ছবি মুক্তি পেলেও দর্শকদের আগ্রহ এখনো কমেনি রণবীর সিং অভিনীত এই ছবিকে ঘিরে। আর সেই কারণেই ৫২তম দিনেও আয় থামছে না ছবিটির।
গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল। শুধু ভারত নয়, পাকিস্তানেও ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। অ্যাকশন, দেশপ্রেম আর টানটান গল্পে দর্শকদের মন জয় করে নেয় এই সিনেমা। বিশেষ করে রণবীর সিংয়ের অভিনয় নিয়ে প্রশংসা ছিল সর্বত্র।
বর্তমানে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ এবং রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’র মতো ছবির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ‘ধুরন্ধর ২’। তবুও আয় ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি। মুক্তির ৫২তম দিনে ছবিটি আয় করেছে প্রায় ৯০ লাখ টাকা।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে একটি ছবির এই ধারাবাহিক সাফল্য এখনকার সময়ে খুব কমই দেখা যায়। মুক্তির প্রথম দিনেই শতকোটির বেশি আয় করে চমকে দিয়েছিল ‘ধুরন্ধর ২’। এরপর সপ্তাহের পর সপ্তাহ ধরে বক্স অফিসে আধিপত্য বজায় রেখেছে ছবিটি।
এখন পর্যন্ত শুধু ভারতেই ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১৪১ কোটি ৯৯ লাখ টাকা। ফলে চলতি বছরের অন্যতম সফল ছবির তালিকায় জায়গা আরও শক্ত করল ‘ধুরন্ধর ২’।

এই সিনেমা মূলত ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় পর্ব। প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে নতুন অধ্যায়। ছবিতে দেখানো হয়েছে কীভাবে জসকিরাত নামের এক দেশপ্রেমিক যুবক ধীরে ধীরে হামজায় পরিণত হয় এবং সন্ত্রাসবাদবিরোধী অভিযানে জড়িয়ে পড়ে।
রণবীর সিং ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, রাকেশ বেদি ও দানিশ পান্ডোর। শক্তিশালী অভিনয় আর বড় পরিসরের নির্মাণই ছবিটিকে দর্শকদের কাছে আলাদা মাত্রা দিয়েছে বলে মনে করছেন অনেকেই।
পিআর/টিকে