কেন হঠাৎ ব্যাংককে অভিকা গোর?
ছবি: সংগৃহীত
১১:১৮ এএম | ১০ মে, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিকা গোরকে দর্শক আজও মনে রেখেছেন ‘বালিকা বধূ’ ধারাবাহিকের জন্য। ছোট বয়সেই অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের মন জয় করেছিলেন তিনি। তবে এবার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় এই অভিনেত্রী। কারণ ভারত ছেড়ে এবার স্থায়ীভাবে ব্যাংককে বসবাস শুরু করেছেন অভিকা।
গত বছর সেপ্টেম্বরে প্রেমিক মিলিন্দ চন্দওয়ানিকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পর থেকেই নতুন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছিলেন সামাজিক মাধ্যমে। এবার জানালেন আরও বড় সিদ্ধান্তের কথা। স্বামীর সঙ্গে ব্যাংককে নতুন বাড়ি কিনেছেন তিনি এবং সেখানেই নতুনভাবে সংসার শুরু করেছেন।
এক সাক্ষাৎকারে অভিকা জানান, ব্যাংককে তাঁর এবং মিলিন্দের জন্য নতুন সুযোগ অপেক্ষা করছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। অভিনেত্রীর কথায়, অনেকদিন ধরেই তাঁরা একে অপরের কাজ ও স্বপ্নকে সমর্থন করে এসেছেন। তাই নতুন শহরে নতুন শুরু করতেও কোনো দ্বিধা হয়নি।

অভিকা আরও জানান, মুম্বাইয়ে থাকলেও তাঁকে নিয়মিত হায়দরাবাদ, রাজামুন্দ্রি ও বিশাখাপত্তনমে শুটিংয়ের জন্য যেতে হতো। তখনই তিনি বুঝতে পারেন, কাজের জন্য মুম্বইয়ে থাকাটা খুব জরুরি নয়। সেই ভাবনা থেকেই ব্যাংকককে নিজের নতুন ঠিকানা বানানোর সিদ্ধান্ত নেন।
তবে বিদেশে চলে গেলেও অভিনয় ছাড়ছেন না অভিনেত্রী। স্পষ্ট জানিয়েছেন, কাজই তাঁর প্রথম অগ্রাধিকার। যেখান থেকেই হোক, অভিনয় চালিয়ে যাবেন তিনি। বরং ইন্ডাস্ট্রি থেকেও ইতিবাচক সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন অভিকা।
নতুন বাড়ি সাজানো নিয়েও বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। কারণ এই প্রথম নিজের পছন্দমতো ঘর সাজানোর সুযোগ পেয়েছেন তিনি। ছোটবেলা থেকে বাবা-মায়ের পরিকল্পিত বাড়ি কিংবা পরে শ্বশুরবাড়ির পরিবেশে থেকেছেন। কিন্তু এবার সবকিছু নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারছেন বলেই খুশি অভিকা।
অভিনেত্রী আরও জানান, খুব শিগগিরই তিনি একটি জনপ্রিয় রোমাঞ্চধর্মী অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবেন। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর দক্ষিণী ছবিও। সব মিলিয়ে জীবনের সেরা সময় কাটাচ্ছেন বলেই মনে করছেন অভিকা গোর।
পিআর/টিকে