শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত রাহুল দেব
ছবি: সংগৃহীত
০২:২৪ পিএম | ১০ মে, ২০২৬
গোয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা রাহুল দেব। বিজ্ঞাপনী ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যে অংশ নেন তিনি। দৃশ্যটি ছিল নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই, যেখানে একটি কুশনের উপর পড়ার কথা ছিল তাঁর। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় বিপত্তি।
অভিনেতার কথায়, লাফ দেওয়ার পর কুশনটি সরে যাওয়ায় তিনি মাটিতে আছড়ে পড়েন এবং বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান। তখন তাৎক্ষণিকভাবে তিনি চোটের তীব্রতা বুঝতে পারেননি এবং শুটিংও শেষ করেন। পরে কয়েকদিন পর ব্যথা বাড়লে এক্স রে করানো হলে চিকিৎসক জানান, হাড়ে চিড় ধরেছে। তাকে অন্তত তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

চোট পাওয়ার পর পায়ে প্লাস্টার করা হয়েছে এবং বর্তমানে তিনি বিশ্রামে আছেন। তবে এই অবস্থাতেও তিনি পুরোপুরি থেমে যাননি। চিকিৎসকের পরামর্শ মেনে শরীরের উপরের অংশের হালকা ব্যায়াম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, শরীরচর্চা তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করছে।
দুর্ঘটনার পরও শুটিং শেষ করতে পারায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন রাহুল দেব। তিনি জানান, তাঁর কারণে প্রযোজনা টিমের কোনো ক্ষতি হয়নি, সেটি তাঁর জন্য শান্তির বিষয়। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তার ব্যক্তিগত প্রশিক্ষক ও সঙ্গীর প্রতি, যাঁরা এই কঠিন সময়ে তার পাশে ছিলেন।
অভিনেতার এই দুর্ঘটনার খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সকলে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। দীর্ঘদিন ধরে অ্যাকশন ও চরিত্রভিত্তিক শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত রাহুল দেবের এই পরিস্থিতি আবারও শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
পিআর/টিকে