ঈদে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন সংগীতশিল্পী বালাম
ছবি: সংগৃহীত
০৪:২০ পিএম | ১০ মে, ২০২৬
দীর্ঘ এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। তাঁর নতুন অ্যালবামের নাম ‘মাওলা’। গত কয়েক বছর ধরে একক গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকলেও এবার পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়েই হাজির হয়েছেন তিনি।
চলতি বছরের ঈদুল ফিতরে অ্যালবামের চারটি গান প্রকাশ করা হয়েছে।
এবার আগামী ঈদে অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানা গেছে।
‘মাওলা মাওলা মাওলা/তুই পানা দেরে মাওলা’—এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। শিগগিরই নেপালে গানটির ভিডিওর শুটিং শুরু হবে। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বড় আয়োজনে ভিডিওটি প্রকাশ করবেন বালাম। এটি হবে তাঁর পঞ্চম একক অ্যালবাম। অ্যালবামে থাকছে ছয়টি গান, আর প্রতিটি গানই হবে ভিন্ন ধাঁচের। তবে সব গানের মূল আকর্ষণ থাকবে মেলোডি।
‘মাওলা’ তৈরি হয়েছে সুফি ঘরানায়, যা বালামের সংগীতজীবনে নতুন অভিজ্ঞতা হিসেবে ধরা দিচ্ছে। অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, “অনেক দিন পর আবার সিরিয়াসভাবে গান করছি। কয়েক বছর ধরে সিঙ্গেল গান প্রকাশ করেছি, কিন্তু আমার মনে হয়েছে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম শিল্পীর নানা রং একসঙ্গে তুলে ধরতে পারে। শ্রোতারাও বৈচিত্র্য খুঁজে পান। ‘মাওলা’ অ্যালবামে সেই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি।
এখানে বিভিন্ন বয়স ও পছন্দের শ্রোতার জন্য আলাদা আবহ থাকবে। গান শুধু শোনার বিষয় নয়, দেখারও। শ্রোতার মন ভরাতে হলে গানের ভিডিও খুবই প্রয়োজন বলে মনে করি। এ কারণে আমার তরফ থেকে দর্শকের জন্য ঈদ উপহার হিসেবে ‘মাওলা’ গানটি ভিডিও প্রকাশে সিদ্ধান্ত নিয়েছি। এখন গান প্রকাশের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটছে।”
তিনি আরো বলেন, ‘মাওলা’ গানটি আমার জন্য খুব বিশেষ। কভিডের সময়ের কিছু উপলব্ধি থেকে গানটির ভাবনা এসেছে। পৃথিবীর অস্থিরতা, মানুষের ভেতরের শূন্যতা–এসব বিষয় আমাকে ভাবিয়েছে। সেই অনুভূতি থেকেই গানটি তৈরি। প্রথমবার সুফি ধারার গান করেছি। আশা করছি, শ্রোতারা নতুন এক বালামকে আবিষ্কার করবেন।’
নতুন অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম নিজেই। ভিডিও নির্মাণেও থাকছে বিশেষ চমক।
সংগীতজীবনের শুরু থেকেই শ্রোতাদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন বালাম। তাঁর প্রকাশিত একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে বালাম, বালাম ২, বালাম ৩ ও ভুবন। এসব অ্যালবাম থেকে পাওয়া গেছে জনপ্রিয় গান এক মুঠো রোদ্দুর, নেশা, একাকী মন, তোমার জন্য, নূপুর বাজে, সঙ্গী হবে কি, রিমঝিম ও অপরূপা, যেগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে।
আইকে/টিএ