© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাকে নিয়ে গান আমি গাইতেই পারি না: শারমিন সুলতানা সুমি

শেয়ার করুন:
মাকে নিয়ে গান আমি গাইতেই পারি না: শারমিন সুলতানা সুমি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৯ পিএম | ১০ মে, ২০২৬
আজ ১০ মে বিশ্ব মা দিবস। এই দিনে কেউ মৃত মায়ের জন্য শোক করছেন আবার কেউ জীবিত মাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন ভালোবাসায়। এ তালিকায় আছেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। জানিয়েছেন সুরের হাত ধরে দিন শুরু হলেও মাকে নিয়ে গাইতে পারেন না তিনি। গলা ধরে আসে। কেননা মা নেই তার। মা দিবসে মাকে নিয়ে একটি গান প্রকাশ করে সে কথাই লিখেছেন।

‘আমি বোকা’ শিরোনামের সে গানের ক্যাপশনে সুমি লিখেছেন, ‘মা মারা যাওয়ার পর মাকে নিয়ে গান লিখতে পারি না। এটা বেশ আগে বানানো গান। মাকে নিয়ে গান। গাইতে গেলেও গলা ধরে আসে। তবু গাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে।’

এরপর গানের কয়েকটি লাইন তুলে গায়িকা লেখেন, ‘আল্লাহ মাকে নিয়ে গেল। তাই বোকার মতো মা ছাড়াই থাকি। কিন্তু সবার যাদের মা যে যেখানে আছেন, সুস্থ থাকুন; বেঁচে থাকুন; সন্তানের আদরে, স্পর্শে, সম্মানে, যত্নে থাকুন। মা দিবসের শুভেচ্ছা।’

‘আমার সাইকেলটা ফিরতে চাইছে বাড়ি, বইখাতা আর পেন্সিলে ডাক পাড়ি...’ — মা-সন্তানের সম্পর্কের আবেগ, অভিমান আর ফিরে আসার আকুতিতে ভরা এমন কথামালায় তৈরি হয়েছিল চিরকুট ব্যান্ডের গান ‘আমি বোকা’।

এক বছর আগে চিরকুট ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল গানটি। বিশ্ব মা দিবস উপলক্ষে গানটি আবারও নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ব্যান্ডটি। আর সেই সঙ্গে গানটির পেছনের আবেগঘন গল্প শুনিয়েছেন ব্যান্ডটির ভোকাল শারমিন সুলতানা সুমী।



কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমী নিজেই। গানটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “মাকে নিয়ে গান আমি গাইতেই পারি না। গাইতে গেলেই আমার গলা কেঁপে ওঠে।”
সুমী জানান, ২০১৪-১৫ সালের দিকে একটি নাটকের জন্য গানটি তৈরি করেছিলেন তিনি। পরে কয়েক বছর আগে এর ভিডিও নির্মাণ করা হয়। তবে মা নিয়ে কাজ করতে গেলেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ এখন তার মা-বাবা কেউই আর বেঁচে নেই।

তার ভাষায়, মানুষ সবচেয়ে বেশি অভিমান করে সবচেয়ে কাছের মানুষটার সঙ্গেই। আর সেই মানুষটাই হচ্ছে মা। ব্যস্ততা, কাজ কিংবা জীবনের টানাপোড়েনে অনেকেই মা-বাবার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু তারা না থাকলে পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়।

ভক্তদের উদ্দেশ্যে সুমী বলেন, “যত পারো বাবা-মাকে সেবা করো, পাশে থাকো। কষ্ট দিলে সরি বলো, জড়িয়ে ধরো, ভালোবাসি বলো।”

গানটির ভিডিও নির্মাণ করেন রাজু সহজিয়া। ভিডিওটি নির্মাণের সময় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনাও উঠে আসে তার কথায়। বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার জেট দুর্ঘটনায় নিহত সাহসী স্কোয়াড্রন লিডার মরহুম আসিম জাওয়াদকে উৎসর্গ করা হয় গানটি। দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি।

সুমীর ভাষায়, “তাদের মায়েদের চিরবিচ্ছেদের অনুভূতিটা ভেবেই গানটা উৎসর্গ করেছিলাম।” তিনি মনে করেন, যত অভিমানই থাকুক, মা থেকে যেন কেউ দূরে না যায়। কারণ মা-ই সন্তানের সবচেয়ে বড় আশ্রয়।

এমআই/টিএ

মন্তব্য করুন