মা দিবসে জেনে নিন বলিউডের 'সিঙ্গেল' মায়েদের অনুপ্রেরণার গল্প
ছবি: সংগৃহীত
০৬:৪৪ পিএম | ১০ মে, ২০২৬
মাতৃত্ব কখনোই সহজ পথ নয়। আর যেসব নারী একাই সন্তানকে বড় করার দায়িত্ব নিয়েছেন, তাদের জন্য এই যাত্রা হয়ে ওঠে আরও বেশি সংগ্রামময় ও সংবেদনশীল। বলিউডের আলোচিত কয়েকজন অভিনেত্রী বাস্তব জীবনে যেন হয়ে উঠেছেন মাতৃত্বের শক্ত প্রতীক। ক্যারিয়ার সামলানোর পাশাপাশি তাঁরা একাই আগলে রেখেছেন সন্তানদের, ভেঙেছেন সামাজিক ধারণা আর গড়েছেন নতুন অনুপ্রেরণার গল্প।
এই তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। মাত্র চব্বিশ বছর বয়সে তিনি প্রথম কন্যা রেনে-কে দত্তক নিয়ে মাতৃত্বের নতুন সংজ্ঞা তৈরি করেন। পরে আলিশাকেও দত্তক নিয়ে তিনি প্রমাণ করেন, মা হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সামাজিক কাঠামোর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু ভালোবাসা ও দায়িত্ববোধ।
অন্যদিকে অভিনেত্রী করিশ্মা কাপুর বিচ্ছেদের পর নিজের দুই সন্তান সামায়রা ও কিয়ানকে নিয়ে একাই পথ চলা শুরু করেন। জীবনের কঠিন সময়েও তিনি কখনোই সন্তানদের থেকে মনোযোগ সরাননি, বরং তাদের কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজের জীবন।

অভিনেত্রী নীনা গুপ্তা সমাজের নানা কটাক্ষ ও চাপ উপেক্ষা করে একাই বড় করেন তাঁর মেয়ে মাসাবা গুপ্তাকে। সেই সময়ের সামাজিক বাস্তবতা কঠিন হলেও তিনি পিছিয়ে যাননি, বরং দৃঢ়ভাবে এগিয়ে গিয়ে দেখিয়েছেন একা মায়ের সংগ্রামের শক্তি।
অভিনেত্রী অমৃতা সিং বিচ্ছেদের পর সারা আলি খান ও ইব্রাহিম আলি খানকে একাই বড় করেন। সন্তানদের শৃঙ্খলা ও মানসিক বিকাশে তাঁর ভূমিকা আজও সন্তানদের স্বীকারোক্তিতে উঠে আসে বারবার।

অন্যদিকে পূজা বেদি নিজের দুই সন্তান আলিয়া ও ওমরকে বড় করেছেন স্বাধীন মানসিকতায়। ব্যক্তিগত জীবন ও মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তাঁর খোলামেলা বক্তব্য বহু নারীর কাছে সাহসের প্রতীক হয়ে উঠেছে।
এছাড়া অভিনেত্রী রবিনা ট্যান্ডন খুব অল্প বয়সেই পূজা ও ছায়া নামের দুই মেয়েকে দত্তক নিয়ে মাতৃত্বের পথে হাঁটেন। পরবর্তীতে নিজের সন্তানদেরও একই ভালোবাসা ও দায়িত্বে বড় করেছেন তিনি। ক্যারিয়ারের শীর্ষ সময়ে এমন সিদ্ধান্ত তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

মা দিবসে এই তারকাদের জীবনের গল্প আবারও মনে করিয়ে দেয়, মাতৃত্ব কেবল সম্পর্ক নয়, এটি এক গভীর লড়াই, ভালোবাসা আর আত্মত্যাগের নাম।
এসএ/টিএ