বিজয়ের শপথ অনুষ্ঠানে কাঞ্জিভরম শাড়িতে নজর কাড়লেন তৃষা, সাজালেন কে?
ছবি: সংগৃহীত
০৭:২২ পিএম | ১০ মে, ২০২৬
রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন থালাপতি বিজয়। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিশা কৃষ্ণান, যাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে। অনুষ্ঠানে তৃষার সঙ্গে ছিলেন তার মা উমা কৃষ্ণান।
শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি নতুন করে প্রেমের জল্পনাকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। বিজয়ের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে তার উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এদিন তৃষাকে দেখা যায় হালকা নীল রঙের কাঞ্জিভরম সিল্ক শাড়িতে, যা ছিল পোথিস ব্র্যান্ডের। শাড়িতে ছিল সোনালি সুতোর সূক্ষ্ম কাজ, সঙ্গে ঘিয়ে রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ। পুরো লুককে আরও জমকালো করে তোলে হিরে ও চুনির গয়না, যা তিনি পরেছিলেন জিআরটি জুয়েলার্সের সংগ্রহ থেকে।

হালকা মেকআপ, কপালে ছোট টিপ এবং চুলে গোঁজা জুঁই ফুল- সব মিলিয়ে তৃষার উপস্থিতি হয়ে ওঠে অত্যন্ত নান্দনিক ও আকর্ষণীয়। জানা গেছে, স্টাইলিস্ট একা লাখানি এবং হর্ষিনী রবিচন্দর এই বিশেষ দিনের জন্য তার সাজসজ্জার দায়িত্বে ছিলেন।
শপথ অনুষ্ঠানের পর তৃষার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা তার এই রূপের প্রশংসা করেন এবং একই সঙ্গে বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, ভোট গণনার দিন তৃষার জন্মদিন ছিল এবং সেদিনই তিনি মন্দির দর্শনে যান। পরে বিজয়ের বিজয় নিশ্চিত হওয়ার পর তাকে নিয়ে আলোচনা আরও বাড়ে। অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনেও তৃষার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
সব মিলিয়ে বিজয়ের রাজনৈতিক যাত্রার এই গুরুত্বপূর্ণ দিনে তৃষার উপস্থিতি ও তার সাজ দুই-ই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এসএ/টিএ