নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন যশ?
ছবি: সংগৃহীত
০৮:২২ পিএম | ১০ মে, ২০২৬
রবীন্দ্রজয়ন্তীর দিন বাংলার রাজনীতিতে ঘটে গেল বড় এক পালাবদল। দীর্ঘ সময়ের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। আর এই রাজনৈতিক পরিবর্তনের পর ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। শপথের পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে নেটদুনিয়া।
এই তালিকায় বিশেষভাবে আলোচনায় আসে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের একটি পোস্ট। শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শুভেন্দুর নিষ্ঠা, লড়াইয়ের মানসিকতা এবং মানুষের প্রতি অঙ্গীকার তিনি কাছ থেকে দেখেছেন।

তিনি আরও লেখেন, বাংলা এখন পরিবর্তন, উন্নয়ন এবং বলিষ্ঠ নেতৃত্বকে বেছে নিয়েছে। রাজ্যকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছাও জানান তিনি।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, যশ দাশগুপ্ত একসময় সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগও দিয়েছিলেন। এমনকি প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেন তিনি, যদিও সেবার জয় পাননি।
পরবর্তীতে তিনি রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গেলেও, সাম্প্রতিক এই রাজনৈতিক পরিবর্তনের পর আবারও তার অবস্থান নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, তিনি কি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছেন, নাকি এটি শুধুই ব্যক্তিগত মতামত।
অন্যদিকে, যশের এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আরও নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা ও মতবিনিময়।
সব মিলিয়ে বাংলার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে টলিউডের পরিচিত মুখ যশ দাশগুপ্তের এই মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে।
এসএ/টিএ