সহ-অভিনেতার অপমানে কী বললেন অক্ষয় খান্না?
ছবি: সংগৃহীত
০৯:৪৪ পিএম | ১০ মে, ২০২৬
‘ধুরন্ধর’ ও ‘ছাওয়া’ সিনেমায় বলিউড অভিনেতা অক্ষয় খান্নার অভিনয় আবারও দর্শকদের মুগ্ধ করেছে। এই আলোচনার রেশ ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার পুরনো কিছু সাক্ষাৎকার ও সহ-কর্মীদের অভিজ্ঞতা। সেখানেই অমিত বহল শোনালেন শুটিং সেটের সেই হৃদয়স্পর্শী ও সাহসিকতার গল্প।
ঘটনাটি একটি সিনেমার শুটিং চলাকালীন। অমিত জানান, সেই ছবিতে এক চরিত্রাভিনেতাকে মূল তারকাদের থেকে আলাদা একটি সাধারণ হোটেলে রাখা হয়েছিল। কেবল ‘তারকা’ তকমা নেই বলে তার প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করা হয়। একদিন সেই অভিনেতা মূল ইউনিটের হোটেলে দুপুরের খাবার খেতে এলে বাঁধে বিপত্তি।

খাবার নিয়ে ওই অভিনেতা সবে মুখে তুলতে যাবেন, অমনি তাকে থামিয়ে দেন প্রযোজকের এক আত্মীয়। ওই নারীর দাবি ছিল, মূল ইউনিটের জন্য বরাদ্দ এই খাবার সাধারণ কোনো অভিনেতার জন্য নয়। কিছুক্ষণ পর প্রযোজনা সংস্থার এক কর্মী সরাসরি গিয়ে তাকে বলেন, ‘আপনি এই খাবার খেতে পারবেন না।’
নিজের প্লেট নামিয়ে রেখে অপমানিত অভিনেতা যখন একপাশে চুপচাপ গিয়ে বসেন, পুরো বিষয়টি দূর থেকে লক্ষ্য করছিলেন অক্ষয় খান্না। এরপরই ঘটে সেই নাটকীয় ঘটনা। চুপচাপ থাকা অক্ষয় যেন মুহূর্তেই বদলে যান।
অমিত বহল সেই স্মৃতি হাতড়ে বলেন, ‘সেদিন অক্ষয়কে প্রচণ্ড ক্ষুব্ধ হতে দেখেছিলাম। তিনি সরাসরি প্রযোজকসহ উপস্থিত সবাইকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন। অক্ষয় বুঝিয়ে দিয়েছিলেন, পেটের ক্ষুধার কোনো ভেদাভেদ নেই। তিনি সেদিন বলেছিলেন, ‘একটা সিনেমা কতগুলো খাবারের প্লেট দিয়ে তৈরি হয় না, মানুষের আশীর্বাদ দিয়ে তৈরি হয়’।’
এসএ/টিএ