‘দ্য রয়েলস ২’ থেকে সরে দাঁড়াচ্ছেন ভূমি পেডনেকর!
ছবি: সংগৃহীত
১০:৪০ পিএম | ১০ মে, ২০২৬
জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য রয়্যাল্স-এর দ্বিতীয় সিজন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। তবে নতুন সিজন ঘিরে সবচেয়ে বড় চমক, অভিনেত্রী ভূমি পেডনেকর-কে নাকি আর দেখা যাবে না এই সিরিজে। প্রথম সিজনে তার বিপরীতে অভিনয় করেছিলেন ঈশান খট্টর। একই সিরিজের মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান।
শোনা যাচ্ছে, প্রথম সিজন মুক্তির কিছুদিন পর থেকেই দ্বিতীয় ভাগের পরিকল্পনা শুরু হয়েছিল। তবে এবার গল্পের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে না প্রেমের সম্পর্ক। বরং রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক, টানাপড়েন এবং তাদের ব্যক্তিগত জগতকে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাইছেন নির্মাতারা।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রথম সিজনের শেষে প্রেমের গল্প অসম্পূর্ণ থাকলেও সেটিকে এগিয়ে নেওয়ার নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। বরং দর্শকের কাছে রাজপরিবারের পরিবেশ এবং তাদের জীবনযাপনই বেশি আলোচনায় আসে। সেই কারণেই নতুন সিজনে গল্পকে অন্য দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ বা সমালোচনার চাপ কাজ করেনি। অর্থাৎ সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়ে নয়, বরং গল্পের প্রয়োজনেই সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন ভূমি।
এদিকে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বর্তমানে গাঢ় ও জটিল চরিত্রনির্ভর গল্পের দিকে ঝুঁকছেন অভিনেত্রী। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত হক ছবির নির্মাতাদের নতুন কোর্টরুম ড্রামা নিয়েও তার সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দীর্ঘদিন পর ইমরান খান-কে নিয়ে নির্মিতব্য একটি নতুন নেটফ্লিক্স ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাকে। এছাড়া খুব শিগগিরই দলদল ২-এর কাজও শুরু করতে পারেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ‘দ্য রয়্যাল্স’-এর প্রথম সিজন মুক্তির পর সমালোচনা ও কটাক্ষ নিয়েও মুখ খুলেছিলেন ভূমি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, চারপাশের নেতিবাচক মন্তব্য এতটাই প্রভাব ফেলেছিল যে একসময় নিজের সৃষ্টিশীল কণ্ঠস্বরই শুনতে পাচ্ছিলেন না তিনি।
সব মিলিয়ে দ্বিতীয় সিজনে গল্পের মোড় বদলের সঙ্গে সঙ্গে সিরিজটির চরিত্র বিন্যাসেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
এসএ/টিএ