© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্লকবাস্টার হিট ছবিতে নায়িকার চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন সালমান

শেয়ার করুন:
ব্লকবাস্টার হিট ছবিতে নায়িকার চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন সালমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ এএম | ১১ মে, ২০২৬
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠেছেন কোটি ভক্তের প্রিয় ‘ভাইজান’। বর্তমানে একটি ছবির জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক নেন এই তারকা। তবে কেরিয়ারের শুরুর দিকে এমন এক ঘটনাও ঘটেছিল, যেখানে নায়িকার তুলনায় অনেক কম পারিশ্রমিক পেয়েছিলেন সালমান।

১৯৮৯ সালে মুক্তি পায় ম্যায়নে প্যায়ার কিয়া। সেই সিনেমার হাত ধরেই দর্শকের নজরে আসেন সালমান খান ও ভাগ্যশ্রী। ছবিটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে এই জুটি। তবে তখনও বলিউডে নিজেদের জায়গা তৈরি করতে লড়াই করছিলেন দুই তারকাই।

‘ম্যায়নে প্যায়ার কিয়া’র আগে মাত্র একটি ছবিতে অভিনয় করেছিলেন সলমন। অন্যদিকে এটি ছিল ভাগ্যশ্রীর প্রথম সিনেমা। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ব্লকবাস্টার ছবিতে সালমানের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পেয়েছিলেন ভাগ্যশ্রী।

এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, পারিশ্রমিকের বিষয়টি মূলত চাহিদা ও বাজারমূল্যের উপর নির্ভর করে। একজন শিল্পী যত পরিশ্রমই করুন না কেন, প্রযোজক বা পরিচালক যদি মনে করেন কম টাকাতেও অন্য কাউকে দিয়ে একই কাজ করানো সম্ভব, তাহলে তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন।



ভাগ্যশ্রীর মতে, নারীরা একসঙ্গে নিজেদের প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক দাবি না করলে এই পরিস্থিতি সহজে বদলাবে না। কারণ ইন্ডাস্ট্রিতে সবসময় এমন কেউ না কেউ থাকবেন, যিনি কম পারিশ্রমিকেও কাজ করতে রাজি হয়ে যাবেন। আর সেই কারণেই পারিশ্রমিক বৈষম্য এখনও পুরোপুরি দূর হয়নি।

অভিনেত্রী আরও বলেন, এই ইন্ডাস্ট্রি অত্যন্ত অনিশ্চিত। এখানে শুধু টাকার হিসাব করলেই হয় না, কার সঙ্গে কাজ করতে ভালো লাগছে সেটিও গুরুত্বপূর্ণ। অনেক সময় কাজের সুযোগের জন্য শিল্পীরা পারিশ্রমিক নিয়ে আপস করেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির জন্য সালমান খান পেয়েছিলেন মাত্র ২৫ হাজার রুপি। অন্যদিকে ভাগ্যশ্রীর পারিশ্রমিক ছিল ১ লাখ রুপি। ছবিটিতে আরও অভিনয় করেছিলেন অলোক নাথ, রিমা লাগু ও মনীশ বহেল।

পরে অবশ্য সেই সালমান খানই হয়ে ওঠেন বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। তবে কেরিয়ারের শুরুর দিকের এই ঘটনা এখনও অবাক করে তাঁর অনুরাগীদের।

পিআর/টিকে

মন্তব্য করুন