৪ পুরস্কার জিতে বাফটা টিভি অ্যাওয়ার্ডসে সেরা ‘অ্যাডোলেসেন্স’
ছবি: সংগৃহীত
১১:৩৯ এএম | ১১ মে, ২০২৬
লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাফটা টিভি অ্যাওয়ার্ডস ২০২৬’। এবারের আসরে প্রত্যাশিতভাবেই সব আলো কেড়ে নিয়েছে জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। স্টিফেন গ্রাহাম ও জ্যাক থর্নের এই সিরিজটি চারটি প্রধান বিভাগে পুরস্কার জিতে নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
নেটফ্লিক্সের রেকর্ড ভাঙা এই সিরিজটি নিজ দেশ ইংল্যান্ডেও দর্শকদের মন জয় করেছে।
এবারের আসরে ‘অ্যাডোলেসেন্স’ জিতেছে সেরা লিমিটেড সিরিজ, সেরা অভিনেতা (স্টিফেন গ্রাহাম), সেরা পার্শ্ব-অভিনেতা (ওয়েন কুপার) ও সেরা পার্শ্ব-অভিনেত্রী (ক্রিস্টিন ট্রেমারকো) ক্যাটাগরিতে পুরস্কার। কয়েক সপ্তাহ আগেই সিরিজটি কারিগরি দক্ষতার জন্য আরো দুটি বাফটা ক্রাফট পুরস্কার জিতেছিল।

পুরস্কারের এই মঞ্চে আরো সফল হয়েছেন স্টিভ কুগান, নার্গেস রাশিদি ও ক্যাথরিন পার্কিনসন। তারা নিজ নিজ অভিনয়ের জন্য বাফটা সম্মাননা অর্জন করেছেন।
সেরা আন্তর্জাতিক সিরিজের পুরস্কার জিতেছে সেথ রোগানের ‘দ্য স্টুডিও’। পুরস্কার গ্রহণের সময় সেথ রোগান আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এই সম্মাননা তার প্রয়াত সহ-অভিনেত্রী ক্যাথরিন ও’হারাকে উৎসর্গ করেন।
সূত্র : ভ্যারাইটি
পিআর/টিকে